গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানানোয় মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। তারা এই মন্তব্যকে গণহত্যায় উসকানি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে।
শনিবার (২৪ মে) শেহাব নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, দুই মিলিয়নেরও বেশি বেসামরিক মানুষের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। এমন বক্তব্য মার্কিন রাজনীতিতে বিদ্যমান গভীর ফ্যাসিবাদী বর্ণবাদকেই তুলে ধরে।
হামাস দাবি করে, এই ধরনের উসকানিমূলক বক্তব্য ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার আন্তর্জাতিক সমর্থকদের আসল রূপ উন্মোচিত করবে।
ইসলামিক জিহাদও এক বিবৃতিতে র্যান্ডি ফাইনের বক্তব্যকে “বর্ণবাদী ও ঘৃণামূলক” বলে অভিহিত করেছে। তারা বলেছে, এই মন্তব্য গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধকে উৎসাহ দেয়- যা আন্তর্জাতিক আইন পরিপন্থী।
রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন গত বৃহস্পতিবার (২২ মে) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসি কিংবা জাপানিদের সঙ্গে আত্মসমর্পণের আলোচনা করিনি বরং পারমাণবিক হামলা চালিয়ে জাপানকে নতজানু করেছি। গাজায়ও একই কৌশল প্রয়োগ করা উচিত।
এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা কুড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এটিকে “নৃশংস ও অমানবিক” বলে আখ্যা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজারের বেশি আহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের কটূ ও চরম বক্তব্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

