গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন এবং ২১১ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ২২ হাজার ৫৯ জন।
বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে থাকলেও নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে। এর পর থেকে ৩ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের এ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলমান রয়েছে।
গাজা পরিস্থিতি দিন দিন আরো মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছে লাখো ফিলিস্তিনি।

