ভারত ও পাকিস্তান পরস্পরের বিমান চলাচলের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে। শুক্রবার দুই দেশই এ সিদ্ধান্ত নেয়, যার ফলে পারস্পরিক উত্তেজনা আরো দীর্ঘায়িত হলো।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জানায়, ভারতীয় নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন কিংবা ইজারা নেওয়া কোনো বিমান ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা সামরিক ফ্লাইটসহ সব ধরনের বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং এর আওতা ভূমি থেকে শুরু করে আকাশসীমার সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকবে।
একই ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান নিবন্ধিত বা ইজারাকৃত কোনো বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনার পর দুই দেশ প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে। ওই ঘটনার জেরে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়।
বিশ্লেষকরা বলছেন, আকাশসীমা ব্যবহারে এমন নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক বার্তা নয়, এতে আন্তর্জাতিক রুটেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত অন্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।

