গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানকে (ASEAN) ফিলিস্তিনের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এই আহ্বান জানিয়েছেন আসিয়ানের শীর্ষ সম্মেলনের আগে।
রোববার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ালালামপুরে আসন্ন আঞ্চলিক সম্মেলনের প্রাক্কালে এক বক্তব্যে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নৃশংসতা উদাসীনতা ও দ্বৈত নীতির নগ্ন প্রতিফলন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পবিত্রতা ধ্বংস হয়ে যাচ্ছে। আসিয়ান চুপ থাকতে পারে না।”
তিনি তাঁর আসিয়ান সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি সময় এসেছে যৌথভাবে মানবাধিকার রক্ষায় অবস্থান জানানোর। এ বিষয়ে নীরব থাকা আত্মঘাতী হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আসিয়ান ফিলিস্তিনি অধিকারের প্রতি তাদের ‘দীর্ঘদিনের সমর্থন’ পুনর্ব্যক্ত করেছিল। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত আসিয়ানের পক্ষ থেকে সরাসরি কোনো শক্ত বিবৃতি আসেনি।
গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি-
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। সর্বশেষ শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত এবং ২১১ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৯ মাস ধরে চলমান হামলায় গাজায় ৫৩ হাজার ৯০১ জন নিহত এবং ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন আহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি অনুযায়ী, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ জন, কারণ বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
সংস্থাগুলোর আশঙ্কা, উদ্ধারকারীরা নিরাপত্তাহীনতার কারণে বহু স্থানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
আসিয়ানের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ-
বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার এই আহ্বান আসিয়ানের পররাষ্ট্রনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি জোরালো হলেও এশীয় আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখনও পর্যন্ত সমন্বিত পদক্ষেপ দেখা যায়নি। মালয়েশিয়া চায়, আসিয়ান এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান গ্রহণ করুক।

