লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষ ও সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে একটি স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। সংঘাতপীড়িত উত্তর আফ্রিকার এই দেশের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার (২৪ মে) এক বিবৃতিতে এই আহ্বান জানায় সংগঠনটি।
আল আরাবিয়াহ জানায়, সংঘর্ষে জাতিসংঘের তথ্য অনুযায়ী কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। মূলত প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবার অনুগত ৪৪৪ ব্রিগেড একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর নেতাকে হত্যার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর রাজধানীর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে থাকা শক্তিশালী রাদা গোষ্ঠীর সঙ্গে এই ব্রিগেডের তীব্র লড়াই শুরু হয়।
সংঘর্ষ আপাতত বন্ধ হলেও লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা চলছে। এর মধ্যেই আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে।
২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া দ্বিধাবিভক্ত। বর্তমানে দেশটিতে রয়েছে দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন- ত্রিপলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী দবেইবা এবং পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রতিদ্বন্দ্বী শাসন কাঠামো।
বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি দবেইবা সরকার বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার ঘোষণা দিলেও, ক্ষমতাধর ৪৪৪ ব্রিগেডকে সে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই পক্ষপাতমূলক সিদ্ধান্তই সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত ঘটায়। একইসঙ্গে রাজধানীজুড়ে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ, যেখানে দবেইবার পদত্যাগ দাবি করছেন সাধারণ জনগণ।
শান্তির পথ কীভাবে?
আফ্রিকান ইউনিয়নের মতে, লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে “লিবিয়ানদের নেতৃত্বাধীন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সংলাপ”। সংগঠনটি স্পষ্ট করেছে, এই প্রক্রিয়ায় কোনও বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।
বিশ্বরাজনীতি পর্যবেক্ষকদের মতে, লিবিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দেশটি এক দশকের বেশি সময় ধরে সহিংসতা ও রাজনৈতিক বিভাজনের মধ্যে রয়েছে।

