রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে মস্কো সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ২৬ ও ২৭ মে দুই দিনের এই সফর অনুষ্ঠিত হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে। শনিবার (২৪ মে) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ফিদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আলোচনায় উঠে আসবে বাণিজ্য, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করার বিষয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের সার্বিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সম্ভাবনাও চিহ্নিত করা হবে।
হাকান ফিদান তার সফরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও আলোচনা করবেন। তুরস্কের পক্ষ থেকে একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে। কূটনৈতিক সূত্র জানায়, চলমান শান্তি প্রক্রিয়ায় তুরস্ক যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে, ফিদান তা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করবেন।
সিরিয়া, গাজা ও দক্ষিণ ককেশাস অঞ্চলের চলমান সংকট নিয়েও আলোচনা হবে ফিদান ও ল্যাভরভের মধ্যে। তুরস্কের দৃষ্টিতে এসব অঞ্চল তুর্কি কূটনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে রাশিয়ার ভূমিকা প্রতিনিয়ত প্রভাব ফেলছে।
ফিদান রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান ভ্লাদিমির মেদিনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভের সঙ্গেও বৈঠক করবেন। মেদিনস্কি সম্প্রতি ইস্তানবুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধি ছিলেন।
এই সফর তুরস্ক-রাশিয়ার মধ্যে ধারাবাহিক উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপের অংশ। হাকান ফিদান এর আগে ২০২৩ সালের জুনে রাশিয়ায় ব্রিকস প্লাস সম্মেলনে অংশ নেন এবং অক্টোবর মাসে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ব্রিকস সম্মেলনে যোগ দেন।
তুর্কি ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১২ এপ্রিল আন্তালিয়া কূটনৈতিক ফোরামের সাইডলাইনে। তার আগে ফেব্রুয়ারিতে সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তুরস্ক সফর করেছিলেন।
বিশ্লেষকরা বলছেন, এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নয়, বরং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তুরস্কের কৌশলগত অবস্থানকেও তুলে ধরবে।

