ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ মে পশ্চিমবঙ্গ সফরে আসছেন। সফরটি মূলত সরকারি কর্মসূচি হলেও তার রাজনৈতিক তাৎপর্য গভীর বলে মনে করছেন বিশ্লেষকেরা, বিশেষ করে সাম্প্রতিক অপারেশন সিঁদুর এবং রাজ্যজুড়ে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে।
সফরের শুরুতে মোদি উপস্থিত থাকবেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানে। একইদিনে তিনি হাসিমারায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটির কাছাকাছি একটি কর্মসূচিতেও অংশ নেবেন। তবে এসব সরকারি কর্মসূচির পাশাপাশি বিজেপি যে রাজনৈতিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে মাঠে নামছে, তা স্পষ্ট হয়ে উঠেছে প্যারেড গ্রাউন্ড ঘিরে দলীয় নেতাদের তৎপরতা থেকে।
কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর ভারতের সেনাবাহিনীর পাল্টা অভিযান অপারেশন সিঁদুর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে মোদির এই সফরকে সামরিক সাফল্যকে রাজনৈতিক বার্তায় রূপান্তর করার প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, “সেনাদের সম্মান জানাতেই প্রধানমন্ত্রীর এই সফর।” তবে শুধু সম্মান নয়, এর মাধ্যমে বিজেপি চা বলয় ও উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ককে চাঙ্গা রাখারও কৌশল নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিককালে সেখানে তৃণমূলের পাল্টা উত্থান চোখে পড়ছে। মাদারিহাট উপনির্বাচনে বিজেপির পরাজয় এবং সাবেক বিজেপি সাংসদ জন বার্লার তৃণমূলে যোগ দেওয়া দলটির জন্য বড় ধাক্কা। এই প্রেক্ষাপটে মোদির সফরকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর এখনো দিল্লি-ঢাকা সম্পর্কে স্বাভাবিকতা ফেরেনি বলেই ধারণা করা হচ্ছে। ফলে পূর্ব সীমান্তে নিরাপত্তা, আন্তঃদেশীয় কূটনীতি এবং সীমান্তবাসীর স্বার্থ রক্ষায় মোদি কী বার্তা দেন, তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক মহল।
মোদির সফরের দুই দিন পর, ৩১ মে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি কর্মসূচির পাশাপাশি তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। নিউটাউনের হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে এই বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সাংবাদিক সুমন ভট্টাচার্য মনে করেন, মোদি-শাহ জুটি এখনো বিজেপির প্রধান প্রচার হাতিয়ার। অপারেশন সিঁদুর তাদের সামনে তুলে ধরার সুযোগ দিয়েছে। অন্যদিকে সাংবাদিক দীপ্তেন্দ্র রায় চৌধুরী সফরকে পুরোপুরি রাজনৈতিক হিসেবে না দেখার পরামর্শ দিয়ে বলেন, সফর পুরোটাই প্রচার নয় কিন্তু রাজনৈতিক বার্তাহীনও নয়।
তৃণমূল ও সিপিএম দুপক্ষই মোদি ও শাহের সফরকে নির্বাচনী উদ্দেশ্যপ্রসূত বলেই আখ্যা দিয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, প্রধানমন্ত্রী এলেই বাংলার অধিকারের টাকা নিয়ে আসবেন- এটা মানুষ দেখতে চায়।
সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, পেহেলগামে হামলায় নিহতদের পরিবারের পাশে না দাঁড়িয়ে ভোটমুখী সফর প্রমাণ করে, ভোটই তাদের কাছে বড়।
সেনা অভিযান, সীমান্ত রাজনীতি এবং উত্তরবঙ্গের রাজনৈতিক পালাবদলের মাঝখানে দাঁড়িয়ে মোদির সফর একাধারে প্রতীকী, কৌশলগত এবং প্রচারমূলক। সরকারি ব্যানারে হলেও- সফরের প্রতিটি পদক্ষেপে যে রাজনৈতিক মেসেজ লুকিয়ে আছে, তা স্পষ্ট হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির গতিপ্রবাহে।

