বিশ্বের একমাত্র স্থান, যেখানে দেখা মেলে ‘ড্রাগনস ব্লাড ট্রি’র- দ্রুতই সেই অনন্য গাছটি বিলুপ্তির পথে। ইয়েমেনের আরব সাগরবেষ্টিত সোকোত্রা দ্বীপে উদ্ভূত এই গাছটি দেখতে যেমন বিস্ময়কর, তেমনি এর বৈশিষ্ট্যও চমকপ্রদ- রক্তলাল রস ও ছাতার মতো ছায়াময় গঠন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিরিক্ত পশুপালন এবং যুদ্ধের কারণে দ্বীপের বাস্তুতন্ত্র চরম হুমকির মুখে পড়েছে। আর এই সংকটের কেন্দ্রেই রয়েছে ড্রাগনস ব্লাড ট্রি। শুধু প্রাকৃতিক ভারসাম্য নয়, এই গাছের অস্তিত্ব নির্ভর করছে সোকোত্রার মানুষের সংস্কৃতি, জীবিকা এবং পর্যটনশিল্পের ওপর।
সোকোত্রার বাসিন্দা সিনা কায়বানি ও তাঁর পরিবার এক নার্সারির মাধ্যমে গাছটিকে রক্ষার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “এই গাছগুলো মরে গেলে, সেটা আমার নিজের সন্তান হারানোর মতোই।”
এক সময় পুরো দ্বীপজুড়ে ড্রাগনস ব্লাড ট্রি-র বিস্তৃতি ছিল। বর্তমানে সেটি সীমিত হয়ে এসেছে কয়েকটি উঁচু মালভূমিতে। সেখানে ধুলা ঝড় আর খরায় কষ্ট করে টিকে আছে এই অপার্থিব গাছ।
বৈচিত্র্যে ভরা সোকোত্রা দ্বীপকে ‘গ্যালাপাগোস অব দ্য ইন্ডিয়ান ওশান’ বলা হয়। এখানে ৮২৫টি উদ্ভিদের প্রজাতির এক-তৃতীয়াংশ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ২০০৮ সালে ইউনেসকো দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
দ্বীপের পর্যটন ব্যবস্থাও সম্পূর্ণ স্থানীয়দের নিয়ন্ত্রণে, যাতে অর্থনৈতিকভাবে তারা উপকৃত হতে পারেন। প্রতিবছর প্রায় ৫ হাজার পর্যটক এই দ্বীপে আসেন, অধিকাংশই ড্রাগনের রক্তরঙা রসের গাছ দেখতে।
তবে এই গাছ হারিয়ে গেলে কেবল একটি প্রজাতিই নয়, হারিয়ে যাবে একটি দ্বীপের আত্মপরিচয়ও। ড্রাগনস ব্লাড ট্রি এখন আর শুধু একটি গাছ নয়, এটি সোকোত্রার প্রাণ। তাকে বাঁচাতে এখন প্রয়োজন বৈশ্বিক মনোযোগ ও জলবায়ু নীতিতে কার্যকর পরিবর্তন।

