ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, ভারতের একটি ‘চিকেন নেক’ থাকলেও বাংলাদেশের আছে দুটি। আর এই দুটি করিডোর ভারতেরটির চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
রোববার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ভারতের ‘চিকেন নেক’ নিয়ে যারা হুমকি দেন, তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও দুটি করিডোর আছে। আর এই দুটি করিডোর ভারতেরটির চেয়ে বেশি স্পর্শকাতর।
বাংলাদেশের প্রথম ‘চিকেন নেক’ হিসেবে তিনি যেটির কথা বলেন, সেটি উত্তরাঞ্চলের একটি করিডোর। এর দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। এটি শুরু হয় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। শেষ হয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত। হিমন্ত বিশ্বশর্মার মতে, এই করিডোর কোনোভাবে বিঘ্নিত হলে রংপুর বিভাগ দেশের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

দ্বিতীয় করিডোর সম্পর্কে তিনি বলেন, এটি ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। তিনি এটিকে চট্টগ্রাম করিডোর হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি ভারতের শিলিগুড়ি করিডোরের চেয়েও ছোট। তবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
এর আগেও তিনি এমন মন্তব্য করেন। ২২ মে এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভুলে যাবেন না, আপনাদেরও দুটি চিকেন নেক আছে। আমাদের করিডোরে চোখ দিলে ভারতও সেই দুটি করিডোরে আঘাত হানবে।”
প্রসঙ্গত, ভারতের ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই রাজ্যগুলো হলো—অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা।
শিলিগুড়ি করিডোরটি মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত। দেখতে মুরগির গলার মতো সরু। তাই একে বলা হয় ‘চিকেন নেক’। এটি দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝখানে অবস্থিত। করিডোরটির এক পাশে রয়েছে নেপাল ও ভুটান। অন্য পাশে বাংলাদেশ ও তিব্বতের চুম্বি ভ্যালি।

