হজযাত্রীদের যাতায়াতকে আরামদায়ক ও নিরাপদ করতে সৌদি আরবের মক্কা নগরীতে রাবারের নমনীয় হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে। এ বছর হাজিরা পরিবেশবান্ধব এবং স্বস্তিদায়ক এই নতুন অবকাঠামোর সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আরব নিউজ- এর খবরে বলা হয়েছে, হজের সময় মুসল্লিদের কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পার করতে হয়। এতে পায়ের গোড়ালি ও মাংসপেশিতে ব্যথা অনুভব করেন, বিশেষ করে বয়স্করা বেশি ভোগান্তির শিকার হন। হাজিদের প্রায় অর্ধেকই এই বয়স্ক ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
এই সমস্যা সমাধানে সৌদি সরকার ২০২৩ সাল থেকে নমনীয় রাবার পিচ প্রকল্প চালু করে। চলতি বছর এই পথ ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। সম্প্রসারিত এই রাস্তাটি মসজিদে নামিরাহ থেকে আরাফার আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত বিস্তৃত।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পরিত্যক্ত টায়ার পুনর্ব্যবহার করে তৈরি করা এই রাস্তা শুধু পরিবেশবান্ধবই নয় বরং হাঁটার সময় পায়ের ওপর চাপ কমায় এবং আঘাতের ঝুঁকি হ্রাস করে। দেশটির রোডস জেনারেল অথরিটির তথ্য মতে, হজের সময় পা ও গোড়ালির আঘাতে আক্রান্ত হাজিদের প্রায় ৩৮ শতাংশ সাধারণ পাকা রাস্তায় হাঁটার কারণে সমস্যায় পড়েন। নমনীয় রাস্তাগুলো এই সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
চলতি বছর হজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৪ জুন- সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর তা নির্ভর করছে। ২১ মে পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এবারও সবচেয়ে বেশি হজযাত্রী যাবেন ইন্দোনেশিয়া থেকে, যার পরই রয়েছে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ।
এদিকে হজের মূল আনুষ্ঠানিকতার সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে ৯ জিলহজ আরাফার দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুতে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কেউ মসজিদে নামিরাহ বা জাবালে রহমাতে যেতে পারবেন না।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বিষয়টি হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। এর আগে এক জরুরি অনলাইন বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখারা এই সিদ্ধান্ত বাংলাদেশকে অবহিত করেন।

