রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে তা রাশিয়ার পতনের কারণ হবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে পুতিন ‘পাগল’ হয়ে গেছেন এবং অকারণে মানুষ হত্যা করছেন। সূত্র: রয়টার্স
শনিবার (২৫ মে) রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “পুতিনের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন সে একদম পাগল হয়ে গেছে! অকারণে মানুষ হত্যা করছে- শুধু সৈন্য নয়, সাধারণ মানুষও।”
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিন ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ আরো জোরদার করেছেন- যা তাকে বিস্মিত করেছে। নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “অবশ্যই- সে অনেক মানুষ মেরে ফেলছে। ওর কী হয়েছে?”
তবে রুশ প্রেসিডেন্টের পাশাপাশি ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও কটাক্ষ করেন। তিনি বলেন, জেলেনস্কি যেভাবে কথা বলছে, তা দেশের কোনো উপকারে আসছে না। ওর মুখ থেকে যা বের হচ্ছে, তা শুধু সমস্যা সৃষ্টি করছে। আমি এটা পছন্দ করি না, থামানো দরকার।
এই প্রেক্ষাপটে ইউক্রেনে রাশিয়ার চালানো সর্বশেষ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এটি আমেরিকার নীরবতা এবং তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানান।
এদিকে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা যুদ্ধ থামাতে মস্কোর ওপর চাপ অব্যাহত রেখেছে। তারা অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তবে ট্রাম্পের পক্ষ থেকে এখনো নতুন কোনো নিষেধাজ্ঞা না আসায় কিয়েভে হতাশা বাড়ছে।
জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, চাপ ছাড়া কিছুই বদলাবে না। রাশিয়া ও তার মিত্ররা পশ্চিমা দেশগুলোর ওপর হামলার প্রস্তুতি অব্যাহত রাখবে।
উল্লেখ্য ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি পুনর্নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। তবে যুদ্ধ পরিস্থিতির বাস্তবতা তার সেই দাবিকে ঘিরে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

