আন্তর্জাতিক পর্যটক ও বিনিয়োগকারীদের আকর্ষণে বড় ধরনের নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে সৌদি আরব। ২০২৬ সালের মধ্যে দেশের ৬০০টি নির্দিষ্ট পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে রক্ষণশীল এই দেশ। এর মাধ্যমে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার অবসান ঘটাতে যাচ্ছে রিয়াদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুসারে দেখা যায়, পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং বিদেশিদের জন্য নির্ধারিত কম্পাউন্ডগুলোতে লাইসেন্সপ্রাপ্তভাবে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেওয়া হবে। তবে জনসাধারণের স্থান, দোকান, বাসা বা ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধই থাকবে।
এই সিদ্ধান্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’-এর অংশ, যার লক্ষ্য দেশের টিটোটাল (মদ্যপান বিরোধী) ভাবমূর্তি পরিবর্তন করে আধুনিক, আন্তর্জাতিক পর্যটনবান্ধব এক রাষ্ট্রে রূপান্তর ঘটানো।
বিশ্লেষকরা বলছেন, ২০৩০ সালের এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের আগে পর্যটকদের জন্য সহনশীল ও নিয়ন্ত্রিত বিনোদন পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মধ্যপ্রাচ্যের প্রতিযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বৈধভাবে পর্যটন জোনে মদ বিক্রি করে এমন মডেলকে অনুসরণ করছে সৌদি।
তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে ‘নিয়ন্ত্রিত ব্যবস্থার’ অধীনে পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে মদ পরিবেশন এবং অপব্যবহার রোধে থাকছে কঠোর আইন। পাশাপাশি দেশের ইসলামী মূল্যবোধ বজায় রাখাও হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
সৌদি সরকারের ভাষ্য, “আমাদের সংস্কৃতি ও পরিচয় অক্ষুণ্ন রেখেই আমরা বিশ্বকে স্বাগত জানাতে চাই।” আধুনিকায়নের চাপে সংস্কারপন্থী সৌদি এই পদক্ষেপকে একটি নতুন যুগের সূচনা বলেও অভিহিত করছে।

