যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনা অব্যাহত থাকলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান- এমন সাফ বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ এবং তেহরান এতে কোনো নমনীয়তা দেখাবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ চাহিদা প্রমাণ করে যে তারা আলোচনায় আন্তরিক নয়। এছাড়া তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী পরোক্ষ আলোচনার স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি।
সম্প্রতি ইতালির রোমে অনুষ্ঠিত পঞ্চম দফার আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। আলোচনাটি শান্তিপূর্ণ ও পেশাদার পরিবেশে হয়েছে বলে জানান বাঘাই। তার ভাষায়, এই দফায় আমরা আমাদের নীতিগত অবস্থান আবারও স্পষ্টভাবে তুলে ধরেছি।
তিনি আরো জানান, আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেসব প্রস্তাব দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হয়েছে এবং ভবিষ্যৎ আলোচনা কবে ও কোথায় হবে তা পরে ঘোষণা করা হবে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের কঠোর অবস্থান পরমাণু সমঝোতায় নতুন করে জটিলতা তৈরি করতে পারে। অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তেহরানের অনমনীয়তা আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

