রাশিয়ার অত্যাধুনিক ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রোস্তেক। সোমবার রুশ সংবাদমাধ্যম তাসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোস্তেকের দাবি, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র এমনভাবে নকশা করা হয়েছে যে এটি অত্যন্ত উচ্চ গতিতে এবং জটিল, অপ্রত্যাশিত গতিপথে উড়ে গিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে। সংস্থাটি বলছে, এই ক্ষেপণাস্ত্রের চলার সময় সৃষ্ট চাপ ও ঝাঁকুনি ন্যাটোভুক্ত দেশগুলোর তৈরি অধিকাংশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সহনক্ষমতারও বাইরে।
তাদের ভাষায়, “ইউক্রেনের কাছে এমন কোনো ব্যবস্থা নেই যা ইস্কান্দারকে আঘাত হানার আগেই ভূপাতিত করতে পারে। সর্বোচ্চ তারা এর গতিপথ পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু ঠেকাতে পারে না।”
কী এই ইস্কান্দার ক্ষেপণাস্ত্র?
ইস্কান্দার-এম হলো একটি স্বল্প দূরত্বে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা- যা একাধিক কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। এর আওতায় পড়তে পারে রকেট লঞ্চার, বিমানঘাঁটি, সামরিক দপ্তর, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও কৌশলগত অবকাঠামো।
প্রতিটি ইস্কান্দার ইউনিটে থাকে ৫০টির বেশি বিভিন্ন ধরনের যানবাহন ও সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী, পরিবাহী ও রক্ষণাবেক্ষণ যান এবং কমান্ড ইউনিট। এটি থেকে সরল ও ঘুরপথে চলতে সক্ষম- দুই ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, যেগুলো প্রায় ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই দাবি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটোর পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

