রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে হত্যাচেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন দাবি করেছেন, ২০ মে কুরস্ক অঞ্চলে প্রেসিডেন্ট পুতিনের সফরের সময় তার হেলিকপ্টার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালায়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাশকিন জানান, ইউক্রেনীয় ড্রোনটি প্রেসিডেন্টের উড্ডয়নের পথের দিকে অগ্রসর হচ্ছিল। তবে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করতে সক্ষম হয়। হামলার সময় পুতিনের কনভয় নিরাপদে অতিক্রম করে।
দাশকিন আরো জানান, ২০ থেকে ২২ মে পর্যন্তইউক্রেনের পক্ষ থেকে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়, যেখানে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ১,১৭০টি ড্রোন ভূপাতিত করে। শুধু ২০ মে কুরস্ক অঞ্চলে ৪৬টি ড্রোন গুলি করে নামানো হয়।
তার দাবি, প্রেসিডেন্ট পুতিনের কুরস্ক সফরের সময় ড্রোন হামলার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আমাদের বাহিনী একই সঙ্গে বিমান প্রতিরোধ ও রাষ্ট্রপতির হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছিল।
ঘটনাটিকে রাশিয়া একটি সম্ভাব্য “হত্যাচেষ্টা” হিসেবে দেখছে। তবে এটি সরাসরি হত্যাচেষ্টা ছিল, নাকি কৌশলগত চাপ তৈরির অংশ- তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও- রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
২০২৪ সালের আগস্টে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার সীমান্ত অতিক্রম করে কুরস্কে সামরিক অভিযান চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে অন্যতম বড় হামলা হিসেবে বিবেচিত হয়। ইউক্রেন কিছু এলাকা দখলে রাখলেও- ২০২৫ সালের ২৫ মার্চ রাশিয়ার পাল্টা অভিযানে তা পুনরুদ্ধার করা হয়।
রুশ দাবি অনুযায়ী, এই অভিযানে উত্তর কোরিয়ার সেনাবাহিনীও সহায়তা করেছে। ইউক্রেন হামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

