ইসরাইলের গাজা অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়েছেন জার্মানির ক্ষমতাসীন জোটের শরিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)-এর একাধিক প্রভাবশালী সংসদ সদস্য। তারা বলছেন, চলমান হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে জার্মান অস্ত্র ব্যবহৃত হলে দেশটি যুদ্ধাপরাধে জড়িয়ে পড়তে পারে।
এসপিডির পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আদিস আহমেতোভিচ জার্মান ম্যাগাজিন স্টার্ন-কে বলেন, জার্মান অস্ত্র দিয়ে মানবিক বিপর্যয় ঘটানো বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা চলতে পারে না। নেতানিয়াহুর সরকারকে যুদ্ধবিরতিতে রাজি হতে হবে এবং আলোচনায় ফিরতে হবে।
তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে এসপিডি’র জ্যেষ্ঠ নেতা রালফ স্টেগনার বলেন, বর্তমানে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের কার্যক্রম কোনোভাবেই আত্মরক্ষার যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। এই পরিস্থিতিতে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখা অনৈতিক।
আরেক এমপি ইসাবেল কাদেমার্তোরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে জার্মানি যুদ্ধাপরাধে জড়িত হতে পারে এবং একপর্যায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারে।
তিনি সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি সীমিত করার আহ্বান জানিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে জার্মানি ১.১৮ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দেয়। এর মধ্যে ইসরাইলের জন্য অনুমোদিত পরিমাণ ২৮ মিলিয়ন ইউরো- যা দেশটির অস্ত্র রপ্তানি অংশীদার তালিকায় ১০ম স্থানে রেখেছে ইসরাইলকে।
যদিও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস বারবার বলেছেন, ইসরাইলের নিরাপত্তা জার্মানির রাষ্ট্রীয় দায়িত্ব, তবে দেশটির অভ্যন্তরে সমালোচনা বাড়ছে। সমালোচকদের মতে, নেতানিয়াহুর প্রতি জার্মান সরকারের নিঃশর্ত সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
উল্লেখ্য, গাজার ওপর চলমান অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ‘গণহত্যা’র অভিযোগে বিচারের মুখে রয়েছে ইসরাইল। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে দেশটি এখনো সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যেখানে লাখো ফিলিস্তিনি মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

