রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ’ বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই মন্তব্যের জবাব দিয়েছে মস্কো। সোমবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সবাই এখন অনেক আবেগে আছে। এ সময় তিনি ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসাও করেন।
রোববার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন তাঁর কিছু একটা হয়েছে। তিনি একদম উন্মাদ হয়ে গেছেন।” পোস্টে তিনি মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলেন।
ট্রাম্পের এই মন্তব্যে রাশিয়া কতটা উদ্বিগ্ন—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার সূচনায় যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনার শুরুতে সহায়তার জন্য রাশিয়া সত্যিই কৃতজ্ঞ। বিশেষ করে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পেসকভ আরও বলেন, সময়টা খুবই সংবেদনশীল। এ সময় যারা শান্তি প্রক্রিয়ায় জড়িত, তারা অনেকেই আবেগপ্রবণ। তাদের প্রতিক্রিয়াও আবেগময়। এসব রাশিয়া সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে যেসব সিদ্ধান্ত দরকার, প্রেসিডেন্ট পুতিন সেগুলোই নিচ্ছেন।

