গাজায় ৭০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস, যা ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে সম্ভাব্য পথ খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের উদ্যোগে প্রস্তাবিত এই চুক্তিতে বলা হয়েছে, দুটি দলে করে ১০ জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং এর বিনিময়ে গাজায় ৭০ দিনের জন্য অস্ত্রবিরতি বজায় থাকবে। এই সময়ের মধ্যে ইসরায়েল গাজার নির্দিষ্ট অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে এবং দীর্ঘদিন ধরে আটক বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ প্রস্তাবের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। সূত্র: এএফপি
এদিকে রোববার গভীর রাতে গাজা সিটির ফাহমি আল-জারজাওয়ি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরায়েল বিমান হামলা চালায়। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণের পরপরই স্কুলটিতে আগুন ধরে যায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ঘুমন্ত অবস্থায় শিশুদের ওপর এই হামলা চালানো হয়েছে, যাদের অনেকেই দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল-কাসিহ, তাঁর স্ত্রী ও সন্তানরাও রয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম অফিস এক বিবৃতিতে এই হামলাকে ‘জাতিগত নিধনের নতুন ধাপ’ হিসেবে আখ্যা দিয়েছে।
রোববার গাজার অন্যান্য এলাকাতেও একাধিক হামলায় আরো অন্তত ৬১ জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় আব্দ রাব্বো পরিবারের বাড়িতে হামলায় নিহত হয়েছেন ১৯ জন। এছাড়া বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় প্রাণ গেছে অন্তত ছয়জনের।
গাজার দক্ষিণাঞ্চলে এখনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। সেইসঙ্গে নতুন করে স্থল অভিযান চালিয়ে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে আইডিএফ। তারা ইন্দোনেশিয়া ও আল-আওদা হাসপাতাল ঘিরে ফেলেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এদিকে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কারণে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে স্পেন। মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের ২০ দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, “গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। এই যুদ্ধ থামাতে হবে।” ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাও বৈঠকে উপস্থিত ছিলেন এবং গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

