ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবশেষে তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে ঘিরে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে মুখ খুলেছেন। ভিডিওটিতে দেখা যায়, ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার মুহূর্তে ব্রিজিত ম্যাক্রোঁ স্বামীর মুখের দিকে হাত বাড়িয়ে দেন, যা দেখে অনেকে একে ধাক্কা বা ‘চড়’ বলেও ব্যাখ্যা করেছেন। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র ট্রল ও নানা ধরনের জল্পনা-কল্পনা। সূত্র: হিন্দুস্তান টাইমস
সোমবার হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, “আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছিলাম, সেটাই ভিডিওতে দেখা গেছে। অথচ এই ঘটনাকে যেন ভূ-রাজনৈতিক সংকট বানিয়ে ফেলা হয়েছে। মানুষ এতে অদ্ভুত সব ব্যাখ্যা দিচ্ছে।”
তিনি আরো বলেন, “হ্যাঁ, ভিডিওগুলো বাস্তব, তবে অনেক সময় সেগুলো বিকৃত করা হয়। তবে তার চেয়েও ভয়ঙ্কর হলো, এগুলোকে যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ তার স্ত্রী তার মুখের দিকে হাত বাড়িয়ে দেন বা ধাক্কা দেন। প্রেসিডেন্ট কিছুটা অবাক হলেও মুহূর্তেই নিজেকে সামলে সাংবাদিকদের অভিবাদন জানান। সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রোঁ স্ত্রীর দিকে সহায়তার হাত বাড়ালেও ব্রিজিত তা প্রত্যাখ্যান করে সিঁড়ির রেলিং ধরে নিচে নামেন।
প্রথমে এলিসি প্রাসাদ বিষয়টি অস্বীকার করলেও পরে এটিকে “একসঙ্গে থাকার স্বাভাবিক মুহূর্ত” হিসেবে ব্যাখ্যা দেয়। ম্যাক্রোঁ ঘনিষ্ঠ এক সূত্র ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে জানান, “তারা কেবল একটি ব্যক্তিগত তর্কে লিপ্ত ছিলেন, যা বড় কোনো ঘটনা নয়।”
আরো একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, “রাশিয়াপন্থি ট্রোলরাই ভিডিওটিকে বিতর্কে পরিণত করেছে। ষড়যন্ত্রতাত্ত্বিকদের পক্ষে এসব ভাইরাল ক্লিপই যথেষ্ট।”
ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ালেও ম্যাক্রোঁ ও ব্রিজিত ম্যাক্রোঁ এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য দেননি।

