যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় কোনও চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে—এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তার এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সদ্য সমাপ্ত আলোচনা সম্পর্কে আশাবাদী মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, সপ্তাহ শেষে অনুষ্ঠিত আলোচনাটি ছিল “খুব ভালো”। তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি নতুন করে কোনও পারমাণবিক চুক্তি না হয়, তাহলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমনকি সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “যদি তারা আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে, তার মানে এই নয় যে আমরা না খেয়ে মরবো। আমরা বাঁচার পথ খুঁজে নেব।” তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, তেহরান নিজেদের সক্ষমতা ও আত্মনির্ভরতার ওপর আস্থাশীল এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করবে না।
এই আলোচনাগুলো মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। কারণ যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের পারমাণবিক সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তেহরান আরও বলছে, তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভুগছে এবং এখন চাইছে এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক, যাতে তাদের তেল-নির্ভর অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
এই পরিস্থিতির মধ্যেই ইতালির রোমে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও আলোচনা কিছুটা অগ্রগতি দেখিয়েছে বলে জানা গেছে, তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতপার্থক্য থেকেই গেছে।
এই নিয়ে যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয় যে ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ তা সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, “তেহরান কখনোই এটি মেনে নেবে না।”
তিনি আরও জানান, ইরান কোনও অন্তর্বর্তী পারমাণবিক চুক্তিতেও সম্মতি দিচ্ছে না এবং গণমাধ্যমে যেসব খবরে প্রাথমিক চুক্তির কথা বলা হচ্ছে, সেগুলো নিছক গুজব। বাঘাঈ বলেন, “এই আলোচনার ষষ্ঠ দফা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ওমান মধ্যস্থতাকারী হিসেবে আমাদের জানাবে।”
তার মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি সত্যিকারের সদিচ্ছা দেখানো হয়, তাহলে তেহরানও আলোচনা সফল হওয়ার বিষয়ে আশাবাদী। তবে যদি এই আলোচনা ইরানের সার্বভৌম অধিকার খর্ব করার উদ্দেশ্যে হয়, তাহলে এর কোনও অর্থ নেই এবং তা ব্যর্থ হবে।
এই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে মতপার্থক্য এখনও গভীর এবং জটিল। তবে দুই পক্ষের আলোচনায় আগ্রহ থাকায় ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

