ভয়েস অফ অ্যামেরিকা বন্ধ হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় সংকটে পড়েছে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত এমন দেশগুলো। বিশেষ করে তুরস্কের মত দেশে যেখানকার দর্শকরা যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের নিরপেক্ষ খবর পেতে ভিওএকেই একমাত্র ভরসা হিসেবে দেখতেন।
চলতি বছরের ১৪ মার্চ, ট্রাম্প প্রশাসন ভয়েস অফ অ্যামেরিকা-র জন্য নির্ধারিত ফেডারেল তহবিল বন্ধ করে দেয়। এর ফলে কার্যত বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্র সরকার-অর্থায়িত এই আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এরপর দুই মাসেরও বেশি সময় ধরে সংস্থাটির বিভিন্ন ভাষার বিভাগ ওয়েবসাইটে কোনো নতুন সংবাদ আপডেট করেনি। বন্ধ রয়েছে তাদের টিভি ও রেডিও সম্প্রচার। কোথাও আবার কেবল গানভিত্তিক অনুষ্ঠান চলছে।
পরিষেবা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভিওএ ছিল সেন্সরবিহীন সংবাদ পাওয়ার বিরল উৎসগুলোর একটি। এটি বিশ্বের ৩৫ কোটিরও বেশি দর্শকের কাছে ৪৯টি ভাষায় সংবাদ প্রচার করত।
তুরস্কে বর্তমানে প্রায় ৯০ শতাংশ সংবাদমাধ্যম সরকারি নিয়ন্ত্রণে। ২০২২ সালে দেশটি ডয়চে ভেলে ও ভয়েস অফ অ্যামেরিকার তুর্কি সংস্করণ নিষিদ্ধ করে। এরপর থেকে ‘মিরর সাইট’ ব্যবহার করে তুরস্কের দর্শকদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছিল। তবে মার্চের মাঝামাঝি সময়ে তা একেবারেই বন্ধ হয়ে যায়।
গণমাধ্যম অধিকার বিষয়ক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের ২০২৫ সালের সূচকে তুরস্ককে ১৫৯তম স্থানে রেখেছে। দেশটিতে বর্তমানে অন্তত ১৭ জন সাংবাদিক কারাগারে বন্দি।
আরএসএফ-এর তুরস্ক প্রতিনিধি এরোল ওনদেরোলু বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভিওএ, বিবিসি এবং ডিডব্লিউ গঠনমূলক রোল মডেল হিসেবে কাজ করেছে। তুরস্কের গণমাধ্যমে স্বাধীনতা ও মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিনি জানান, দেশের স্বাধীন গণমাধ্যমের সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক সম্প্রচারকদের তুর্কি ভাষার পরিষেবাগুলো হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। তাদের নিউজরুম বিদেশে হলেও, ভেতরে কিছুসংখ্যক সাংবাদিক নিয়োগ দেওয়া হয়।
ওনদেরোলু বলেন, ভয়েস অফ অ্যামেরিকা ছিল তুরস্কের নাগরিক আন্দোলন ও সাংবাদিকদের কণ্ঠস্বর। এটি বাইরের বিশ্বে এই কণ্ঠ পৌঁছে দিত। ভাঙত বিচ্ছিন্নতার দেয়াল।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কে ভয়েস অফ অ্যামেরিকা ছিল গুরুত্বপূর্ণ উৎস। এক দর্শক ডয়চে ভেলেকে বলেন, “যখন যুক্তরাষ্ট্রে এমন কিছু ঘটতো যা এরদোয়ান সরকারকে বিব্রত করতে পারতো, তখন প্রথমেই আমি ভয়েস অফ অ্যামেরিকা’র ওয়েবসাইটে যেতাম।”
ভয়েস অফ অ্যামেরিকা’র ফেডারেল তহবিল বন্ধের পর প্রশাসনিক ছুটিতে পাঠানো হয় প্রায় ১৩০০ কর্মীকে। এটি ছিল ছাঁটাইয়ের প্রথম ধাপ।
এ ঘটনার পর ভয়েস অফ অ্যামেরিকা’র কিছু কর্মী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ আনা হয় নির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করার। মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত ছাঁটাই বন্ধে নির্দেশ দিলেও পরবর্তীতে সে রায় স্থগিত হয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এই রায় স্থগিত হওয়ার পর ছাঁটাই প্রক্রিয়া আরও জোরালোভাবে শুরু করে ট্রাম্প প্রশাসন। ১৫ মে প্রায় ৬০০ ঠিকাদারকে অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়। বলা হয়, ৩০ মে’র মধ্যে ব্যাজ, প্রেস কার্ড ও অফিস সম্পদ ফেরত দিতে হবে।
এদের মধ্যে অনেকেই ছিলেন জে-ওয়ান ভিসাধারী অভিবাসী। তাদের এখন যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে মাত্র ৩০ দিনের মধ্যে।
এই মামলার অন্যতম বাদী ভয়েজ অব আমেরিকা পরিচালক মাইকেল আব্রামোভিৎস বলেন, এই সাংবাদিকদের অনেকে নিজ দেশে নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে এসেছিলেন। তারা এখানে এসে মুক্তভাবে সংবাদ প্রচার করতেন।
তুরস্ক-ভিত্তিক এক ভয়েস অফ অ্যামেরিকার সাংবাদিক জানান, কীভাবে একদিন হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। ওয়াশিংটনের সহকর্মীদের অফিস ত্যাগ করতে বলা হয়। ব্যাজ কেড়ে নেওয়া হয়। কেউ কাজ শেষ করার সুযোগও পাননি। অনেক রিপোর্ট অসম্পূর্ণ থেকে যায়।
তিনি বলেন, একটি কর্তৃত্ববাদী শাসনের চাপের মধ্যে ভিওএ এক আলাদা অবস্থান তৈরি করেছিল। সরকার এটিকে হুমকি মনে করতো। কর্মীদের ওপর নিষেধাজ্ঞা ও অপপ্রচার চালানো হতো। সেজন্য তুরস্ক সরকার হয়তো ভিওএ বন্ধ হওয়াকে স্বাগতই জানিয়েছে।
তবে শুধুমাত্র তুরস্ক নয়, মার্কিন সরকারের সমালোচনাও করত। যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক নিয়ে সমালোচনা সেন্সর হতো না।
আরএসএফ-এর অ্যাডভোকেসি পরিচালক আন্টোইন বার্নার্ড বলেন, ট্রাম্পের ভিওএ বন্ধ করার সিদ্ধান্তকে প্রেসের বিরুদ্ধে তার ‘যুদ্ধের’ অংশ হিসেবে দেখতে হবে।
তিনি জানান, ট্রাম্প তার অপছন্দের সংবাদমাধ্যমগুলোর তহবিল কেটে দিয়েছেন। অনেক সাংবাদিককে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেছেন। কারণ তারা ট্রাম্পের চাওয়া অনুযায়ী কথা বলেনি। তিনি স্পষ্টভাবে স্বাধীন গণমাধ্যম পছন্দ করেন না।
আরএসএফ সম্প্রতি জানিয়েছে, ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার স্বাধীনতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ভয়েস অফ অ্যামেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির মতো আন্তর্জাতিক সম্প্রচারকের তহবিল বন্ধ করে দিয়েছেন। এতে সংকট আরও বেড়েছে।
এপ্রিলের শেষ দিকে তিনি আরও একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (PBS) এবং ন্যাশনাল পাবলিক রেডিও (NPR)-এর তহবিল কমানোর ঘোষণা আসে। সেই সঙ্গে ABC, CBS, PBS ও NPR-এর বিরুদ্ধে তদন্তও শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
ভয়েস অফ অ্যামেরিকার হঠাৎ বন্ধ হয়ে যাওয়া শুধু একটি সংবাদমাধ্যমের পরিসমাপ্তি নয়। এটি বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় ধাক্কা। তুরস্কের মতো দেশে, যেখানে স্বাধীন সংবাদ পাওয়ার সুযোগ সংকুচিত, সেখানে এই সিদ্ধান্ত আরও গভীর প্রভাব ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে—ভবিষ্যতে এমন নিরপেক্ষ ও নির্ভরযোগ্য তথ্যের উৎস কে দেবে? এবং কীভাবে রক্ষা পাবে স্বাধীন গণমাধ্যম?

