গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার গুরুতর আশঙ্কা রয়েছে—এই অভিযোগ তুলে ইসরাইল সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮০০-র বেশি আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো একটি খোলা চিঠিতে তাঁরা এই দাবি জানান।
চিঠিতে বলা হয়েছে, গাজায় গণহত্যা ঘটছে অথবা সেটি সংঘটিত হওয়ার আশঙ্কা অত্যন্ত প্রকট। একইসঙ্গে অঞ্চলটিতে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে বলে উল্লেখ করা হয়। চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতি এবং আন্তর্জাতিক আইনের বহু খ্যাতিমান ব্যক্তিত্বের স্বাক্ষর রয়েছে।
চিঠিতে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সাম্প্রতিক বক্তব্যেরও উল্লেখ করা হয়, যেখানে তিনি গাজা পুরোপুরি দখলের, শত্রুমুক্ত করার এবং সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার ঘোষণা দেন। এই বক্তব্যকে গাজার ফিলিস্তিনিদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছেন স্বাক্ষরকারীরা।
এমন প্রেক্ষাপটে চিঠিতে ফিলিস্তিনি জনগণের রক্ষায় জরুরি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। গাজায় স্থায়ী ও নিঃশর্ত অস্ত্রবিরতি নিশ্চিত করা, অবরুদ্ধ জনগণের জন্য বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ পুনরায় চালু করা এবং ইসরাইলের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয় চিঠিতে।
এর আগে, গত সপ্তাহে যুক্তরাজ্য ইসরাইলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছিল। তবে চিঠির লেখকদের মতে, এই পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের মতে, এখন সময় এসেছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্রুতিকে বাস্তবে প্রমাণ করার। তারা বিশ্বাস করেন, নীরবতা বা নিষ্ক্রিয়তা এই পরিস্থিতিতে মেনে নেওয়ার মতো নয়, বরং তা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে।চিঠিটি এখন ব্রিটিশ রাজনীতিতে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

