পশ্চিমা বলয়ের বাইরে গিয়ে আফ্রিকার তরুণ প্রজন্মের আশা হয়ে উঠেছেন বুরকিনা ফাসোর সেনাশাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। ২০২২ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ‘আফ্রিকার চে গেভারা’ হিসেবে খ্যাতি পাওয়া এই তরুণ নেতা শুধু নিজের দেশেরই নয়, পুরো আফ্রিকা মহাদেশের জন্য একটি পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।
মাত্র ৩৭ বছর বয়সে ইব্রাহিম ট্রাওরে আফ্রিকায় নিজেকে এমন এক জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যিনি একাধারে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ এবং নব্য-উপনিবেশবাদের বিরুদ্ধে অবস্থান নেন। ২০২২ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রতিটি পদক্ষেপ, ভাষণ ও সিদ্ধান্ত তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। তাকে দেখা হয় আফ্রিকার অন্যতম বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার আদর্শিক উত্তরসূরি হিসেবে।
আন্তর্জাতিক বিশ্লেষক বেভারলি ওচিয়েং বলেন, “ট্রাওরে একজন প্রতীক। তিনি শুধু রাজনৈতিক ভাষণে থেমে নেই, বরং নিজের কার্যকলাপ দিয়েই প্রমাণ করছেন যে তিনি ভিন্ন কিছু করতে চান।”
ট্রাওরের নেতৃত্ব বুরকিনা ফাসোকে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে দূরে সরিয়ে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ করেছে। রাষ্ট্রীয়করণ করেছেন স্বর্ণের খনি- যেগুলো এতদিন ছিল বিদেশি মালিকানায়। ঘোষণা দিয়েছেন আরও খনি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার। এই পদক্ষেপগুলো পশ্চিমা দৃষ্টিকোণে বিতর্কিত হলেও আফ্রিকান জনগণের চোখে এটি দেশের সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠার প্রতীক।
তিনি রাশিয়া-আফ্রিকা সামিটে যে বক্তব্য দিয়েছিলেন- “সাম্রাজ্যবাদীদের নির্দেশে পুতুলের মতো নাচা বন্ধ করুন” তা রাশিয়াসহ বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রচারিত হয়। এটি ছিল তার আন্তর্জাতিক জনপ্রিয়তার মোড় ঘোরানো মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল অনুসারী গোষ্ঠী। শুধু আফ্রিকায় নয় বরং আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যেও তার বার্তা ব্যাপক সাড়া ফেলেছে।
সমালোচনা সত্ত্বেও ট্রাওরের জান্তা সরকার বুরকিনা ফাসোর অর্থনৈতিক সূচকে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) জানিয়েছে, জান্তা সরকারের আমলে ঘরোয়া রাজস্ব আদায় বেড়েছে, শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে দেখা গেছে গঠনমূলক অগ্রগতি। বিশ্বব্যাংক বলছে, ২০২৪ সালে দেশের চরম দারিদ্র্য দুই শতাংশ কমেছে, যদিও মূল্যস্ফীতি বেড়েছে।
বিশ্লেষক রিনাল্ডো ডেপানিয়ের মতে, ট্রাওরে তরুণদের নেতা। “তিনি শুধু ভাষণে নয়, বাস্তবিক কাজেও আশার আলো দেখাচ্ছেন। জনগণ একটি দিশাহীন সময় পেরিয়ে এক নতুন স্বপ্নে বিশ্বাস করতে শুরু করেছে।”
তবে সবকিছুই একপাক্ষিক নয়। ট্রাওরের জান্তা সরকার সন্ত্রাসবাদ দমনে খুব একটা সফল হয়নি। ইসলামি জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম বুরকিনা ফাসোর সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী বেনিনেও ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বিরোধী দল, সাংবাদিক ও সমালোচকদের দমনেও কঠোর অবস্থান নিয়েছে তার প্রশাসন। বহু সমালোচককে বিচ্ছিন্নতাবাদ বিরোধী যুদ্ধে ফ্রন্টলাইনে পাঠিয়ে ‘শাস্তি’ দেওয়ার অভিযোগও রয়েছে।
তবুও এসব বিতর্ক তার জনপ্রিয়তায় বড় প্রভাব ফেলেনি। বরং কিছু পর্যবেক্ষক বলছেন, দেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া এই কঠোর পদক্ষেপগুলো তরুণদের চোখে কার্যকর নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হয়।
ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাকে ‘স্বঘোষিত আফ্রিকাপন্থি ও নব্য-সাম্রাজ্যবাদী জোটের সদস্য’ বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে মার্কিন জেনারেল মাইকেল ল্যাংলির অভিযোগ- ট্রাওরে দেশের সম্পদ উন্নয়নের বদলে জান্তা সরকারের শক্তিশালীকরণে ব্যবহার করছেন।
এই মন্তব্য বুরকিনাবের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এমন সময় জান্তা সরকার ঘোষণা দেয় যে একটি বিদেশ-প্রণোদিত অভ্যুত্থানের চেষ্টা তারা নস্যাৎ করেছে। এই পটভূমিতে ট্রাওরে এক বিশাল জনসভায় বক্তব্য দেন এবং সোশ্যাল মিডিয়ায় ফরাসি ও ইংরেজিতে বার্তা দিয়ে জনগণকে তার পাশে থাকার আহ্বান জানান।
মালি, নাইজার ও বুরকিনা ফাসোর সেনাশাসকদের যৌথ অবস্থান পশ্চিম আফ্রিকায় এক নতুন বাস্তবতা তৈরি করেছে। তাদের নেতৃত্বে আফ্রিকার কিছু দেশ ইতোমধ্যেই ফ্রান্সের সেনাদের বহিষ্কার করেছে। বিশ্লেষকদের মতে, ইব্রাহিম ট্রাওরের উত্থান এ অঞ্চলে দীর্ঘদিনের পশ্চিমা প্রভাবের অবসানের ইঙ্গিত দিচ্ছে।
ঘানার বিশ্লেষক কুয়েসি আনিং বলেন, “ট্রাওরের ভাবমূর্তি অন্যান্য দেশের স্থবির ও দুর্নীতিগ্রস্ত নেতাদের বিপরীতে দাঁড়িয়েছে। তিনি আত্মবিশ্বাসী, স্টাইলিশ, সরলভাষী এবং জনগণের কথা বলার সাহস রাখেন।”
ইতিহাস সাক্ষী, আফ্রিকান বিপ্লবীদের উত্থান যেমন দ্রুত হয়, তেমনি পতনও অনেক সময় হঠাৎ করেই ঘটে। ১৯৮৩ সালে থমাস সাঙ্কারা যেমন বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিলেন, চার বছর পরই তিনি এক অভ্যুত্থানে নিহত হন।
ট্রাওরের পথও তাই অনিশ্চিত। তিনি কি সত্যিই আফ্রিকাকে আত্মনির্ভর ও মুক্ত করবে? নাকি তিনিও অতীতের মতো ক্ষমতা কেন্দ্রীভূত করে জনগণের আস্থা হারাবেন?
তবে গবেষক এনোখ র্যান্ডি আইকিন্স বলেন, “যদি ট্রাওরে শাসনব্যবস্থাকে ব্যক্তিকেন্দ্রিক না করেন এবং সুশাসনের ওপর জোর দেন, তবে ইতিহাস তাকে আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে মনে রাখবে।”
ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার তরুণ প্রজন্মের এক নতুন কণ্ঠস্বর। তার নেতৃত্ব, সাহসিকতা এবং আন্তর্জাতিক অবস্থান তাকে আফ্রিকার রাজনীতির এক ব্যতিক্রমী চরিত্রে পরিণত করেছে। সময়ই বলে দেবে তিনি সত্যিকার অর্থেই ইতিহাস গড়বেন, নাকি সময়ের ঢেউয়ে মিলিয়ে যাবেন আরেকটি সাহসী প্রতীক হয়ে। তবে একথা নিশ্চিত- আফ্রিকার রাজনৈতিক আকাশে এই তরুণ ক্যাপ্টেন ইতোমধ্যেই বজ্রপাত ঘটিয়েছেন।

