গাজা উপত্যকায় মার্কিন ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ভয়াবহ ভিড় ও বিশৃঙ্খলার দৃশ্য বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাফাহ শহরের তাল আল-সুলতান এলাকায় অবস্থিত জিএইচএফ কম্পাউন্ডে হাজার হাজার ফিলিস্তিনির ঢল নামে।
কাঁটাতারের বেড়া ও মাটির বাঁধ ডিঙিয়ে মানুষ ত্রাণ পাওয়ার জন্য মরিয়া হয়ে ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে, ইসরায়েলি বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফাঁকা গুলি ছুড়তে হয়।
জাতিসংঘ এই ঘটনার ভিডিও ও ছবি দেখে একে “হৃদয়বিদারক” বলে অভিহিত করেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, “ত্রাণ বিতরণ যদি মানুষকে লুটপাটে বাধ্য করে, তবে সেটি আর মানবিক কার্যক্রম নয়।” জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থাগুলো স্পষ্টভাবে জানিয়েছে, জিএইচএফ-এর ত্রাণ কার্যক্রমে তারা অংশ নেবে না কারণ এটি মানবিক সহায়তার নিরপেক্ষতা ও মানবিক নীতিমালাকে লঙ্ঘন করছে।
তারা সতর্ক করে বলেছে, এই ধরনের বিতরণ শারীরিকভাবে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের আরো কোণঠাসা করে ফেলবে এবং গ্লোবাল হিউম্যানিটারিয়ান স্ট্যান্ডার্ডে এক খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত নারী, পুরুষ ও শিশুরা ছোটাছুটি করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা চৌকি অতিক্রমের জন্য প্রথমে মাত্র ৫০ জনকে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল কিন্তু জনতার চাপ সামলাতে না পেরে ভিড় নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। তখন অনেকেই ত্রাণ লুট করে নিতে শুরু করে। এক ব্যক্তি বলেন, “এক কাপ চা খাওয়ার জন্য একটু চিনি আর একটা রুটি চাচ্ছি মাত্র।”
একজন নারী জানান, “ক্ষুধা ও দারিদ্র্য মানুষকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে তারা সন্তানের জন্য খাবার জোগাড় করতে জীবন ঝুঁকিতে ফেলতেও পিছপা হচ্ছে না।”
জিএইচএফ, যাদের পেছনে রয়েছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদার এবং ইসরায়েলি সামরিক সহায়তা, তারা গাজায় জাতিসংঘের কাঠামোকে পাশ কাটিয়ে ত্রাণ বিতরণের নতুন পন্থা নিয়েছে। দক্ষিণ ও মধ্য গাজায় তারা চারটি ত্রাণ কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য সপ্তাহের শেষে ১০ লাখ মানুষকে সহায়তা দেওয়া।
সংস্থাটি জানায়, ইতোমধ্যে তারা ৮ হাজার ত্রাণ প্যাকেট বিতরণ করেছে, যা দিয়ে প্রায় ৪ লাখ ৬২ হাজার মানুষ খেতে পারবে। তবে তারা অভিযোগ করেছে যে, হামাস তাদের কার্যক্রমে বাধা দিচ্ছে- যদিও এ দাবির পক্ষে কোনো নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
জিএইচএফ-এর কার্যক্রম নিরাপত্তা বেষ্টিত- প্রবেশের আগে ফিলিস্তিনিদের পরিচয় যাচাই এবং হামাস সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এই পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল।
এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাতিসংঘের নিন্দাকে ‘চরম ভণ্ডামি’ বলে আখ্যা দেন। তার দাবি, “অবশেষে গাজায় ত্রাণ প্রবেশ করছে, এটিই মূল বিষয়।” তবে ত্রাণ বিতরণকে ঘিরে এই বিশৃঙ্খলার দায় এড়াতে পারছে না কেউই।
ইসরায়েল বলছে, হামাস যাতে ত্রাণ চুরি না করতে পারে, সে কারণেই বিদ্যমান পদ্ধতির পরিবর্তন আনা প্রয়োজন। এই দাবি সরাসরি অস্বীকার করেছে হামাস। পাশাপাশি তারা দাবি করেছে, ইসরায়েলের ত্রাণ বিতরণে ‘ব্যর্থ’ হয়েছে।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে কঠোর অবরোধ আরোপ করে, যা আংশিক শিথিল হয় মার্কিন ও আন্তর্জাতিক চাপের মুখে। এরপর ইসরায়েলি বাহিনী হামলার পুনঃসূচনা করে এবং ১৯ মে থেকে গাজা জুড়ে অভিযান শুরু করে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তখন বলেন, “আমরা গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেব।”
ইসরায়েলি দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ৬৬৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মঙ্গলবার সন্ধ্যায় কেরেম শালোম সীমান্তে ৪০০টিরও বেশি ট্রাক ত্রাণ এখনও বিতরণের অপেক্ষায় রয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেন, “বর্তমানে যত ত্রাণ যাচ্ছে তা সাগরে এক ফোঁটার মতো। এটি খাদ্য সংকটের মোকাবেলায় যথেষ্ট নয়।” গাজায় খাবারের অভাব, দামের ঊর্ধ্বগতি এবং নিরাপত্তাহীনতা সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে।
গাজার এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে নাড়া দিয়েছে। মানবিক সহায়তা যদি অস্ত্রের ছায়ায় পরিচালিত হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে তা শুধুই মানুষের দুর্ভোগ বাড়ায়। জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কৌশল, তার সামরিক সহায়তা এবং জাতিসংঘের বাইরে গিয়ে কাজ করার ধারা ভবিষ্যতে গ্লোবাল হিউম্যানিটারিয়ান নীতিমালার জন্য বড় প্রশ্ন তৈরি করেছে।
গাজায় ক্ষুধার তীব্রতা, ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা, জাতিসংঘের নিন্দা ও ইসরায়েল-মার্কিন কৌশলের জটিলতায় সেখানে মানবিক বিপর্যয় আরো ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি শান্ত করতে না পারলে এই ধারা সামনে আরো ভয়াবহ রূপ নিতে পারে।

