ইসরায়েলের প্রতি ঐতিহাসিক সমর্থন থাকা সত্ত্বেও গাজায় চলমান হামলা ও মানবিক সংকটকে কেন্দ্র করে অবস্থান বদলাচ্ছে জার্মানি। অস্ত্র রফতানি বন্ধের হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল।
গাজায় চলমান সামরিক অভিযান এবং ত্রাণ সরবরাহে বাধার প্রেক্ষাপটে ইসরায়েলকে সতর্ক করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। মঙ্গলবার (২৭ মে) সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকলে ইসরায়েলের কাছে জার্মানি আর অস্ত্র রফতানি করবে না। এই বক্তব্যকে ইসরায়েলের প্রতি বার্লিনের ঐতিহাসিক সমর্থনে বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে।
ওয়াদেফুল বলেন, “ইসরায়েলের অবিরাম বিমান হামলা এবং গাজায় ত্রাণ অবরোধ মানবিক পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। জার্মানি সবসময় ইসরায়েলের পাশে থেকেছে, তবে সেই সমর্থনের অপব্যবহার করে বর্তমান সংঘর্ষ চালিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।”
তিনি আরো বলেন, “আমরা ইহুদিবিদ্বেষ দমন এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সেই অঙ্গীকারের অর্থ এই নয় যে, ইসরায়েল যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলেই আমরা চুপ করে থাকব।”
একই দিনে ফিনল্যান্ডে অনুষ্ঠিত এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর মার্জ বলেন, “হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে গাজায় যেভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে, তা আর সহ্য করা যাচ্ছে না।”
এই মন্তব্যগুলো এমন এক সময় এসেছে, যখন গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে শিশুসহ অসংখ্য মানুষ দুর্ভিক্ষ, চিকিৎসাহীনতা এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
গাজা ইস্যুতে শুধু জার্মানিই নয়, ইসরায়েলের অন্যান্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলোও অবস্থান পর্যালোচনা করছে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইতোমধ্যেই ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, ইসরায়েল-সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হতে পারে।
ইসরায়েলের প্রতি জার্মানির ঐতিহাসিক সমর্থনের ভিত্তি গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ছয় মিলিয়ন ইহুদি হত্যার অপরাধবোধ থেকে। এই অবস্থানকে ‘স্ট্যাটসরেজন’ নামে অভিহিত করা হয়। এর অর্থ, ইসরায়েলের নিরাপত্তা জার্মান রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ।
তবে বর্তমান সংকটে এই নীতিরও পুনর্মূল্যায়ন চায় জার্মান জনগণ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৫১ শতাংশ মানুষ ইসরায়েলে অস্ত্র রফতানির বিপক্ষে মত দিয়েছেন, যেখানে ২০২১ সালে এই হার ছিল অনেক কম। এখন মাত্র ৩৬ শতাংশ নাগরিক ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, যা আগের তুলনায় লক্ষণীয়ভাবে কম।
চ্যান্সেলর মার্জের বক্তব্য ঘিরে আরেকটি বিতর্ক মাথাচাড়া দিয়েছে। নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্লিন সফরে আমন্ত্রণ জানাবেন। তখন অনেকেই প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা অবস্থায় কীভাবে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হয়।
বিশ্লেষকদের মতে, এই বিষয়টি বার্লিনের কূটনৈতিক নীতিতে দ্বিমুখীতার ইঙ্গিত দেয় এবং অভ্যন্তরীণভাবে চ্যান্সেলরকে চাপের মুখে ফেলেছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত হবে কিনা- সে বিষয়ে সরাসরি কিছু না বলা হলেও ইঙ্গিত মিলেছে যে, বার্লিন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ওয়াদেফুল বলেন, “চ্যান্সেলরের নেতৃত্বে নিরাপত্তা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। অস্ত্র রফতানি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার তাঁদের হাতেই রয়েছে। তবে সেই আলোচনা গোপনীয়।”
গণমাধ্যমের পক্ষ থেকে ইসরায়েলে অস্ত্র রফতানির বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্পষ্ট অবস্থান জানতে চাওয়া হলে, তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতে, জার্মানির এই অবস্থান পরিবর্তনের ঘোষণা ইসরায়েলের কূটনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। জার্মানি ইউরোপে ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকদের একজন হিসেবে পরিচিত। তাই বার্লিনের মনোভাব পাল্টে যাওয়ার বিষয়টি শুধু রাজনৈতিক বার্তা নয় বরং একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিপর্যয়ের বার্তাও বয়ে আনে।
বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে তা ইসরায়েলের সামরিক সরঞ্জাম অর্জনে বড় ধরনের প্রভাব ফেলবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু সরকারের অবস্থান আরো নাজুক হয়ে পড়বে।
গাজায় চলমান সংঘাতকে কেন্দ্র করে জার্মানির অবস্থান স্পষ্টতই বদলাচ্ছে। ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের সমর্থন থাকা সত্ত্বেও বার্লিন এখন মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখে সেই সমর্থন পুনর্বিবেচনা করছে।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াদেফুল এবং চ্যান্সেলর মার্জের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, ইসরায়েল যদি মানবিক সংকটের গভীরতা না বোঝে এবং ত্রাণ সরবরাহে বাধা ও নির্বিচার হামলা বন্ধ না করে, তাহলে অস্ত্র রফতানির মতো কঠোর সিদ্ধান্ত নিতে বার্লিন দ্বিধা করবে না।
এই পরিবর্তন শুধু জার্মান সরকারের নীতিগত অবস্থান নয় বরং ইউরোপীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত করতে পারে- যেখানে মানবতা ও আন্তর্জাতিক ন্যায়ের প্রশ্নে ঐতিহাসিক দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করা হতে পারে।

