মেক্সিকোর সহিংসতা কবলিত গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার ও ক্যাডাভার কুকুরের সহায়তায় সপ্তাহব্যাপী অনুসন্ধান চালিয়ে এসব মরদেহের সন্ধান মেলে বলে জানানো হয়েছে।
বুধবার (২৮ মে) সিবিএস নিউজের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মেক্সিকোর প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজন ভিকটিম- চারজন পুরুষ ও একজন নারী- নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে জানান রাজ্য কর্মকর্তাদের একজন জর্জ জিমেনেজ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মরদেহগুলো পচে গলে গিয়েছিল এবং বেশ কয়েকটিতে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ছুরি, মাচেট, কোদাল ও বেলচা উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে অন্যতম গুয়ানাজুয়াতো। এখানেই সান্তা রোজা ডি লিমা গ্যাং ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত বছর এ রাজ্যে ৩,১৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে- যা দেশের মোট হত্যাকাণ্ডের ১০.৫ শতাংশ।
গুয়ানাজুয়াতোতে চলতি মাসের শুরুতেই এক বন্দুক হামলায় শিশুসহ সাতজন নিহত হয়। এর আগে ফেব্রুয়ারিতে আটজন এবং ডিসেম্বরে আরও আটজন নিহত হয়। গত অক্টোবরে ১২ পুলিশ সদস্যের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়, যেখানে মাদক কার্টেলগুলোর হুমকি বার্তাও সংযুক্ত ছিল।
মেক্সিকোতে ২০০৬ সালে সরকার মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এ সময়ের মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে মাদক চোরাচালান ও কার্টেল সংশ্লিষ্ট অপরাধ এর প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ধরনের গণহত্যা ও গুমের ঘটনা মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার আহ্বান জানালেও মাদকচক্র ও গ্যাং-ভিত্তিক সহিংসতা বন্ধে দৃশ্যমান অগ্রগতি নেই বললেই চলে।
সর্বশেষ এই ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে, তবে অপরাধীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। স্থানীয় জনগণ ও মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।

