ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক এক কূটনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক চুক্তির আলোচনায় বাধা দিতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছেন।
তবে সংবাদমাধ্যমটির এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরাইল। মঙ্গলবার নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, “এটি একটি ভুয়া প্রতিবেদন- বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই।”
নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায়, ইসরাইল আশঙ্কা করছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অন্তর্বর্তী পারমাণবিক চুক্তির দিকে এগোচ্ছেন, যাতে ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ কার্যক্রম সাময়িকভাবে চালু রাখতে পারে। ইসরায়েলের মতে, এটি তাদের জন্য একটি ‘রেড লাইন’ অতিক্রমের শামিল।
প্রতিবেদন অনুযায়ী, এমন আশঙ্কা থেকেই ইসরায়েল এখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আগাম হামলার হুমকি দিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র সাত ঘণ্টার মধ্যে ইসরায়েল এমন অভিযান পরিচালনার সামর্থ্য রাখে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরাইলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, এমনকি কূটনৈতিকভাবে একটি সমাধান কার্যকর হলেও নেতানিয়াহু ইরানে হামলার নির্দেশ দিতে পারেন। মার্কিন কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন যে, খুব অল্প সময়ের নোটিশেই ইসরাইল এককভাবে আক্রমণ চালাতে পারে।
সম্প্রতি নেতানিয়াহুর কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া রোমে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। পরে তারা ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার আবারো ডারমার ও উইটকফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মূল আলোচ্য ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং সেখানে ইসরায়েলের অবস্থান ও উদ্বেগ।
যুক্তরাষ্ট্র চাইছে, ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ কার্যক্রম পুরোপুরি ত্যাগ করুক। কিন্তু তেহরান স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছে। ইরান তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সার্বভৌম অধিকার হিসেবে দেখছে এবং কোনো আন্তর্জাতিক চাপেই তা পরিত্যাগ করতে চায় না।
মার্কিন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, সোমবার তিনি নেতানিয়াহুর সঙ্গে একটি ‘খোলামেলা’ আলোচনা করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ‘এই প্রক্রিয়া অব্যাহত রাখা ও ঐক্যবদ্ধ থাকার’ বার্তা পৌঁছে দিয়েছেন।
তবে এবারের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প ইসরায়েলকে পাশ কাটিয়ে যাওয়ায় এবং কিছু নীতিগত ঘোষণা দেওয়ায় নেতানিয়াহুর প্রশাসন চরম অস্বস্তিতে পড়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। এ অবস্থাকে অনেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভেতরের টানাপড়েন বলেও ব্যাখ্যা করছেন।
যদিও নেতানিয়াহু ও ট্রাম্প উভয়েই তাদের মধ্যকার সম্পর্ক নেতিবাচক হওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন, তবে সময় যতই গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে- ইরান ইস্যুতে দুই দেশের অবস্থানে মতানৈক্য বাড়ছে।
বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী বা আংশিক চুক্তি হয়, তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার কৌশলগত নিরাপত্তা ইস্যুতে আরো আগ্রাসী হয়ে উঠতে পারে। আর সেটিই হতে পারে ভবিষ্যতের বড় ধরনের সংঘাতের সূচনা।

