বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স যেন একরকম ধোঁয়াশার নামান্তর। মাঠের খেলায় যতটা না প্রতিদ্বন্দ্বিতা, তার চেয়ে বেশি অজুহাতের ফুলঝুরি। ডান হাত, বাম হাত নয়, বরং “অজুহাত”ই এখন বাংলাদেশ দলের সবচেয়ে কার্যকর অস্ত্র। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি যেন সেই চিত্রকেই স্পষ্ট করে তুলে ধরেছে।
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশ দল ছিল ছন্নছাড়া এক ইউনিট। ২০২ রানের টার্গেট তাড়ায় শুরু থেকেই ব্যাটারদের শরীরী ভাষা ছিল হার মেনে নেওয়ার মতো। মনে হয়নি তারা জয়ের লক্ষ্য নিয়ে খেলছে। মাঠে এমনই মন্থর মনোভাব ছিল যে, খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল যেন তারা নেট রান রেট বাঁচানোর কোনো টুর্নামেন্ট খেলছে। ব্যাট হাতে কেউই লড়াকু মানসিকতা দেখাতে পারেননি।
শেষ পর্যন্ত ১৬৪ রানে অলআউট হয়ে ৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তারপর যথারীতি পুরনো সেই সুর—“উন্নতি করতে হবে”। অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বললেন, “আমাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিনটিতেই উন্নতি দরকার। কামব্যাক করতে হবে, ধারাবাহিকতা দরকার।”
একইসাথে লিটনের স্বীকারোক্তি, “এটা চেজ করা সম্ভব ছিল, মাঠটা ব্যাটিংয়ের জন্য ভালো। উইকেট ব্যাটিংসহায়ক ছিল, আমরা ভালো ব্যাটিং করিনি।” এই বক্তব্যে নিজ দলের ব্যর্থতার দায় নেওয়ার ইঙ্গিত থাকলেও অজুহাতের সেই চেনা ছায়া থেকেই বের হতে পারেননি।
তবে হতাশার মধ্যেও একটু আলো দেখিয়েছেন জাকের আলী অনিক। ২০ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেছেন তিনি। লিটন তার প্রশংসা করে বলেছেন, “জাকের আলী গত এক বছর ধরে ভালো খেলছে। সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে একজন কিছু করে ম্যাচ জেতাতে পারবে না, সবাইকে এগিয়ে আসতে হবে।”
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল লিটনের এই মন্তব্য, “শুধু অনুশীলন নয়, মানসিকভাবে দৃঢ় হতে হবে। চিন্তাভাবনার জায়গায় পরিবর্তন আনতে হবে।” এই কথায় যেন লুকিয়ে আছে দলের আসল সমস্যা—মনোভাবের দুর্বলতা। মাঠে আত্মবিশ্বাস, পরিকল্পনা ও মানসিক দৃঢ়তা না থাকলে শুধুই পরিসংখ্যান বা অনুশীলনে উন্নয়ন কোনো কাজে আসবে না।
এই পরিস্থিতিতে দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—নিজেদের ক্রিকেটকে কেবল কথায় নয়, কাজে প্রমাণ করা। না হলে ‘অজুহাত’ শব্দটাই হবে ভবিষ্যতের একমাত্র ব্যাটিং-বোলিং-ফিল্ডিং।

