গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান ত্রাণ সংকট ও খাদ্যের অভাবে এবার জাতিসংঘের গুদামে হামলার ঘটনা ঘটেছে। ক্ষুধার্ত মানুষেরা হানা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) একটি খাদ্যগুদামে, যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত দুজন। আহত হয়েছেন আরো অনেকে।
ঘটনাটি ঘটেছে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের আল-গাফারি এলাকায়। ভিডিও ফুটেজে দেখা যায়, শত শত মানুষ গুদামে ঢুকে পড়ে আতঙ্কের মধ্যে খাবার ও আটা বহন করে নিয়ে যাচ্ছে, আর সেই মুহূর্তেই শোনা যাচ্ছে গুলির শব্দ। তবে কারা গুলি ছুড়েছে- তা নিশ্চিত করা যায়নি।
বিশ্ব খাদ্য কর্মসূচির বরাতে বিবিসি জানায়, গুদামটিতে পূর্বেই খাদ্যসামগ্রী মজুত করা হয়েছিল, যা বিতরণ করা সম্ভব হয়নি চলমান সংকট ও নিরাপত্তা পরিস্থিতির কারণে। সংস্থাটি বলছে, তিন মাস ধরে কার্যত অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ মাত্রা অতিক্রম করেছে।
WFP এক বিবৃতিতে জানিয়েছে, “মানুষের ক্ষুধা এতটাই তীব্র যে, তারা এখন জীবন ঝুঁকিতে ফেলে ত্রাণ লুট করতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” সংস্থাটি গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
তারা আরো বলেছে, “মানুষকে আশ্বস্ত করতে হবে- তারা অনাহারে মারা যাবে না। খাদ্য নিশ্চিত না হলে মানবিক বিপর্যয় আরো গভীর হবে।”
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুযায়ী, বুধবার জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ১২১টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যাতে খাদ্যসামগ্রী, আটা, ওষুধ ইত্যাদি ছিল। কিন্তু জাতিসংঘের দাবি, এই সহায়তা চরম ঘাটতির তুলনায় অতি সামান্য।
জাতিসংঘ বলছে, বর্তমানে প্রায় ২০ লাখ গাজাবাসী তীব্র খাদ্য সংকটে রয়েছে। যদি প্রতিদিন হাজারখানেক ট্রাক প্রবেশ না করে, তাহলে সংকট প্রশমিত হবে না।
এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF) নামের একটি বিতর্কিত সংস্থা জাতিসংঘকে পাশ কাটিয়ে বিকল্প ত্রাণ বিতরণ পদ্ধতি চালু করেছে। মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের মাধ্যমে পরিচালিত চারটি বিতরণকেন্দ্র এখন সক্রিয় রয়েছে।
জাতিসংঘ এই নতুন ব্যবস্থাকে ‘অকার্যকর, অনৈতিক ও বিশৃঙ্খলাপূর্ণ’ বলে কড়া সমালোচনা করেছে।
সম্প্রতি রাফাহ শহরের এক কেন্দ্র চালুর একদিনের মধ্যেই সহায়তা নিতে আসা জনতার চাপে সেখানে আহত হন অন্তত ৪৭ জন, জানায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক দপ্তরের প্রধান জনাথন হুইটল জানান, “এখন এমন পরিস্থিতি হয়েছে যে, জনগণ জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক থেকেও খাদ্যসামগ্রী ছিনিয়ে নিচ্ছে।”
তিনি আরো বলেন, “হামাস নয়- বেশিরভাগ লুটপাট করছে স্থানীয় অপরাধী গোষ্ঠী যারা ইসরায়েলি বাহিনীর অনুমতিতে কেরেম শালোম সীমান্তে সক্রিয়।”
জাতিসংঘ বলছে, মার্চ মাসে সংঘটিত স্বল্প সময়ের যুদ্ধবিরতির সময় ত্রাণ প্রবেশের সুযোগ বাড়লে অনেক মানুষের জীবন রক্ষা হয়েছিল। সেই ধরনের ধারাবাহিক ও সমন্বিত সহায়তা ছাড়া এখন আর কোনো কার্যকর বিকল্প নেই।
বর্তমানে জাতিসংঘের গাজায় শক্তিশালী একটি বিতরণ নেটওয়ার্ক রয়েছে, যা পর্যাপ্ত সহায়তা পাওয়া গেলে দ্রুত চালু করা সম্ভব। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ত্রাণ প্রবেশের সীমিত সুযোগ, নিরাপত্তাহীনতা এবং বিকল্প বিতরণ ব্যবস্থার বিশৃঙ্খলা।
এই পরিস্থিতি আরো দীর্ঘ হলে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা এবং মানবিক বিপর্যয়ের মাত্রা কত ভয়াবহ হবে- তা কল্পনাও কঠিন। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের এখন জরুরি করণীয়- অবিলম্বে ত্রাণ প্রবাহ নিশ্চিত করা এবং গাজার বেসামরিক মানুষদের নিরাপদে বাঁচার পথ সুগম করা।

