ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “ইসরায়েল সরকারের লক্ষ্যহীন ও অপরিকল্পিত অভিযানে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন- যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং স্পষ্ট যুদ্ধাপরাধ।”
ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ-এ প্রকাশিত এক নিবন্ধে ওলমার্ট বলেন, এই যুদ্ধ সাফল্যহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে “একটি অপরাধী চক্র” হিসেবেও অভিহিত করেন।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজায় যা করছি, তা ধ্বংসাত্মক যুদ্ধ- নির্বিচারে, সীমাহীন নিষ্ঠুরতা ও অপরাধমূলকভাবে বেসামরিক নাগরিক হত্যা। এটা পরিকল্পিত রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল, বৈধ কোনো যুদ্ধনীতির অংশ নয়।
তিনি আরো লিখেছেন, এই সরকার জনগণের নিরাপত্তার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখাকেই বড় করে দেখছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে এবং ইসরায়েলের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে দেখা যায়, ওলমার্ট গাজায় ইসরায়েলি হামলাকে ‘ইতিহাসে নজিরবিহীন‘ উল্লেখ করে বলেন, এটি এখন আর কোনো সামরিক প্রয়োজনে নয় বরং একটি ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। তাঁর মতে, ফিলিস্তিনিদের অর্থহীনভাবে হত্যা করা হচ্ছে এবং গাজাকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
ওলমার্টের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান, যিনি সেনাবাহিনীর সাবেক উপ-প্রধান ছিলেন। তিনি বলেন, একটি সুস্থ সমাজ বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালায় না, শখের বশে শিশু হত্যা করে না, কিংবা লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করতে কাজ করে না।
এই সমালোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা আরো প্রাণহানি ঘটিয়েছে। বুধবার একদিনেই ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। উল্লেখযোগ্যভাবে, উত্তর গাজায় সাংবাদিক ওসামা আল-আরবিদের বাড়িতে হামলায় তার পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।
ক্ষুধার্ত গাজার জনগণের মধ্যে সীমিত ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা দেখা দিলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) গুলি চালায়। এতে কমপক্ষে একজন নিহত এবং ৪৮ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতিসংঘের নিষেধ থাকা সত্ত্বেও আইডিএফ ত্রাণ বিতরণে হস্তক্ষেপ করে এবং গুলি চালায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, শত শত নারী-পুরুষ ও শিশু খাদ্যের জন্য জড়ো হলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গুলির শব্দে মানুষ পালাতে শুরু করলে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রধান কৌঁসুলি করিম খান জানিয়েছেন, ইসরায়েলের দুই উগ্রডানপন্থি মন্ত্রী বেন গাভির ও বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আবেদন করা হবে। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
গাজা এখন কার্যত বসবাস অযোগ্য হয়ে পড়েছে। খাদ্য, পানি, ওষুধের চরম সংকট; এর মাঝে প্রতিদিন চলছে বোমা বর্ষণ ও মানুষের মৃত্যু। ২৯ বছর বয়সী হেবা জাবের- যিনি স্বামী ও সন্তানদের নিয়ে এক তাঁবুতে বাস করছেন এবং তারা বলেন, ক্ষুধায় সন্তানদের কষ্ট দেখতে দেখতে মনে হয়- বোমায় মরাটাই ভালো।
আরেক বাসিন্দা, ৪০ বছর বয়সী বাসাম দালৌল বলেন, হত্যা চলছে, কিছুই বদলায়নি। এখন যুদ্ধবিরতির চিন্তাও অবাস্তব মনে হয়।

