ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ত্রাণ নিতে আসা অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ৬২ জন আহত হয়েছেন। দুই দিনের ব্যবধানে সংঘটিত এই ভয়াবহ হামলা নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বুধবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, দক্ষিণ গাজার রাফায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (Gaza Humanitarian Foundation- GHF) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে জড়ো হয়েছিলেন হাজারো ক্ষুধার্ত মানুষ। তাদের ওপরই নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গুলি চালানোর সময় ত্রাণের জন্য অপেক্ষারত সবাই ছিলেন বেসামরিক নাগরিক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। এই স্থানগুলো এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
যদিও এই গুলির নির্দিষ্ট তারিখ বা নিহতদের পরিচয় এখনো স্পষ্টভাবে জানানো হয়নি, তবে ঘটনার নৃশংসতা নিয়ে বিভিন্ন পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
হাজার হাজার ফিলিস্তিনির ত্রাণের জন্য ছুটে আসার একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, রাফার ত্রাণ বিতরণ কেন্দ্রে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে নারী-পুরুষ-শিশুরা। পরদিনই আসে মৃত্যুর খবর।
ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা UNRWA-এর প্রধান এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলকে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচিকে অবাধে কাজ করার অনুমতি দিতে হবে। এখনই জীবন রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহত হয়েছেন ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের একটি বড় অংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকটে থাকা গাজা উপত্যকায় এখন মানবিক বিপর্যয়ের চূড়ান্ত পর্যায় চলছে। সহায়তার জন্য হাত বাড়াতে গিয়েও প্রাণ হারাতে হচ্ছে মানুষকে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতির সরাসরি লঙ্ঘন।

