যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে সম্পৃক্ত কিংবা সংবেদনশীল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের টার্গেট করে এই প্রক্রিয়া চলবে।
বুধবার (২৮ মে) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করছে। আমাদের নিরাপত্তা রক্ষায় এ পদক্ষেপ প্রয়োজনীয়। একই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকেও এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, “নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়।” এতে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহযোগিতায় চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশেষ করে যেসব শিক্ষার্থী চীনা কমিউনিস্ট পার্টির সদস্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে গবেষণা করছেন, তাঁদের প্রথম ধাপে ভিসা বাতিলের আওতায় আনা হচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়, চীন ও হংকং থেকে আসা ভবিষ্যতের ভিসা আবেদনগুলো আরো কঠোরভাবে যাচাই করা হবে। ভিসার শর্তাবলি পুনর্মূল্যায়ন করে এই আবেদনগুলোকে ‘উচ্চ ঝুঁকির’ আওতায় বিবেচনা করা হবে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। বিশেষ করে চীনা শিক্ষার্থী ও গবেষকদের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নানা বিধিনিষেধ আরোপের নজির রয়েছে।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে একাধিক মানবাধিকার ও শিক্ষাবিষয়ক সংগঠন ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, জাতীয় নিরাপত্তার অজুহাতে জাতিগত বৈষম্যের পথে হাঁটছে প্রশাসন।
চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশ ছিলেন চীনা নাগরিক। প্রথম অবস্থানে রয়েছে ভারত।
বিশেষজ্ঞরা বলছেন, চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

