পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। ফরাসি সামরিক বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে।
প্যারিসে আয়োজিত নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নু বলেন, এই ঘটনার বিস্তারিত এখনো পুরোপুরি নিশ্চিত নয় এবং অনেক কিছুই এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ফনিক্স টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, “রাফালের পারফরম্যান্স আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভারত সরকারের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখছি যেন প্রকৃত তথ্য পাওয়া যায়।”
তিনি জানান, সংঘর্ষে শত শত যুদ্ধবিমান জড়িত ছিল বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। ফ্রান্স এই সংঘর্ষকে একটি গুরুত্বপূর্ণ ‘যুদ্ধ-অভিজ্ঞতা’ হিসেবে দেখছে এবং এখান থেকে যতটা সম্ভব শিখতে চায়।
মুখপাত্র লেকর্নু আরও বলেন, “যদি সত্যিই একটি রাফাল ভূপাতিত হয়ে থাকে, তবে এটি হবে রাফাল যুদ্ধবিমানের প্রায় ২০ বছরের ইতিহাসে এই প্রথমবার এমন কোনো ঘটনা।”
রাফাল হলো ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন কর্তৃক নির্মিত একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যার প্রযুক্তিগত দক্ষতা ও যুদ্ধ সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশংসা হয়ে আসছে। ভারত ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে, যার অধিকাংশ ইতোমধ্যে ভারতীয় বায়ুসেনার বহরে যুক্ত হয়েছে।
এই সম্ভাব্য ভূপাতনের খবর শুধুমাত্র ভারতের সামরিক বাহিনীর জন্যই নয়, বরং রাফাল নির্মাতা ফ্রান্সের জন্যও এক গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। এ ঘটনায় রাফালের প্রযুক্তি, প্রতিরক্ষা কৌশল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
যদিও এখনো পর্যন্ত সংঘর্ষের বিস্তারিত বিবরণ প্রকাশ পায়নি, তবে এই বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক দৃষ্টিগোচর হয়েছে এবং ফ্রান্সসহ বিশ্বের সামরিক বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

