রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাম্প্রতিক মন্তব্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে। ভারত, চীন ও রাশিয়ার সমন্বয়ে গঠিত ‘আরআইসি’ ফরম্যাট পুনর্জীবিত করার আহ্বান জানিয়েছেন মস্কো। বিশ্লেষকরা বলছেন, এ বক্তব্য শুধু কূটনৈতিক আগ্রহ নয় বরং ভূরাজনৈতিক অবস্থান পুনর্গঠনের একটি সংকেতও।
গত ২৯ মে ইউরেশিয়া বিষয়ক এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ল্যাভরভ বলেন, পশ্চিমারা পরিকল্পিতভাবে ভারত-চীনের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। পশ্চিমা দেশগুলো ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির বাস্তবায়ন ঘটিয়ে এশিয়ার দুই শক্তিধর রাষ্ট্রকে সংঘর্ষে ঠেলে দিতে সচেষ্ট।
তিনি বলেন, “আমার বিশ্বাস, এখন সময় এসেছে রাশিয়া-ভারত-চীন ফরম্যাট আবার সক্রিয় করার। এ ফরম্যাট বহু বছর পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে কাজ করেছে। এখন তা পুনরায় চালু করতে আমরা আন্তরিকভাবে আগ্রহী।”
রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে, যা এই ত্রিপাক্ষিক সহযোগিতার পরিবেশ তৈরি করেছে। “আমার জানা মতে, সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল। এ অবস্থায় আরআইসি প্ল্যাটফর্মের পুনরায় কার্যকর হওয়া সময়ের দাবি।”
আরআইসি (Russia-India-China) ফরম্যাট চালু হয়েছিল সাবেক রুশ প্রধানমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভের উদ্যোগে। এটি একসময় বিশ্ব রাজনীতিতে একটি বিকল্প শক্তির ব্যালান্স হিসেবেই বিবেচিত হতো। এই ফোরামের অধীনে পররাষ্ট্রনীতি ছাড়াও বাণিজ্য, আর্থিক খাত ও নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২০ বারের বেশি।
কিন্তু ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের সম্পর্কে অবনতি হলে আরআইসি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।
ল্যাভরভের বক্তব্যে ন্যাটোর প্রতি সরাসরি অভিযোগ তোলা হয়। তিনি বলেন, “ন্যাটো এখন ভারতকে চীনবিরোধী ষড়যন্ত্রে যুক্ত করার চেষ্টা করছে।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, পশ্চিমা দেশগুলো এশিয়ার আধিপত্যে ব্যাঘাত ঘটাতে এই দুই প্রতিবেশীকে মুখোমুখি করেই লাভবান হতে চায়।
রাশিয়ার এই অবস্থানকে বিশ্লেষকরা ভবিষ্যৎ বিশ্বরাজনীতির শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্ব থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া এখন এশিয়ায় নতুন বন্ধুত্ব গড়ে তোলার কৌশল নিচ্ছে।
একইসঙ্গে চীন ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়ন হলে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোটগুলোর একক প্রভাব খর্ব হতে পারে- যা পশ্চিমাদের জন্য উদ্বেগজনক। বিশেষ করে যখন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ও সামরিক সম্পর্ক জোরদার করছে, তখন এমন এক ফোরামে ভারতের অংশগ্রহণ অনেক কূটনৈতিক বার্তা বহন করতে পারে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর বার্তা স্পষ্টভাবে বোঝায় যে, মস্কো ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকায় ফিরে যেতে চায় এবং এশিয়ায় নতুন কৌশলগত ভারসাম্য গড়ে তুলতে আগ্রহী। এখন দেখার বিষয়- নয়া ভূরাজনীতির প্রেক্ষাপটে ভারত ও চীন কীভাবে রাশিয়ার এই আহ্বানে সাড়া দেয় এবং বিশ্বমঞ্চে আবারও কি ‘আরআইসি’ জোট কার্যকর হয় কিনা।

