চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিলিয়ান পর্বতে ঘটে গেছে এক রুদ্ধশ্বাস ঘটনা। ৫৫ বছর বয়সী পেং ইউজিয়াং নামের এক প্যারাগ্লাইডার দুর্ঘটনাবশত ভেসে যান প্রায় ৮ হাজার ৫০০ মিটার উচ্চতায়। যেখানে অক্সিজেনের অভাব এবং তীব্র ঠান্ডা জীবন হুমকির মুখে ঠেলে দেয় যেকোনো মানুষকে। অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফেরেন তিনি।
পেং ইউজিয়াং মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উচ্চতায় একটি নতুন গ্লাইডিং যন্ত্রপাতির পরীক্ষা চালাচ্ছিলেন। তবে আচমকা ‘ক্লাউড সাক’ নামে বিরল এক ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তাঁকে টেনে নেয় প্রায় ৫ হাজার মিটার ওপরের দিকে। এতে তাঁর গন্তব্য হয়ে ওঠে এমন এক উচ্চতা, যেখানে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি এবং বাতাসে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কম।
ঘটনার সময় পেংয়ের গ্লাইডারে সংযুক্ত একটি ক্যামেরায় ভিডিও রেকর্ড হচ্ছিল। সেই দৃশ্য ডাউইন প্ল্যাটফর্মে ভাইরাল হয়, যেখানে দেখা যায় বরফে ঢাকা মুখ ও শরীর নিয়ে পেং গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি বলেন, চারপাশে এতটাই সাদা ধোঁয়াটে ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। কম্পাস ছাড়া দিক নির্ধারণ অসম্ভব ছিল।
ভবিষ্যদ্বাণী ছাড়াই ওইদিন আকাশে ওঠেন তিনি। পেং জানান, তিনি শুধু প্যারাগ্লাইডিং সরঞ্জাম যাচাই করছিলেন। কিন্তু হঠাৎ এক দমকা হাওয়া তাঁকে মাটি থেকে তুলে নেয় এবং একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘের গভীরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, কোনো এক পর্যায়ে তিনি কিছু সময়ের জন্য অচেতন ছিলেন।
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের (৮,৮৪৯ মিটার) কাছাকাছি উচ্চতায় পৌঁছেছিলেন পেং। চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, এই উচ্চতায় দীর্ঘক্ষণ টিকে থাকা প্রায় অসম্ভব। এতটা উচ্চতায় মানুষ অক্সিজেন স্বল্পতায় সহজেই অজ্ঞান হয়ে পড়তে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।
সবচেয়ে ভয়ংকর মুহূর্ত ছিল যখন গ্লাইডারটি নিচে নামার সময় ঘূর্ণায়মান হয়ে পড়ে। নিজের বর্ণনায় পেং বলেন, “আমি নামতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। বাতাস কেবল আমাকে উপরের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছিল।”
ঘটনার পর তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। গ্লোবাল টাইমস জানিয়েছে, পেংয়ের উড্ডয়ন সরকারি অনুমোদন ছাড়াই হয়েছিল। এজন্য তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
পেং ইউজিয়াং প্রায় চার বছর ধরে প্যারাগ্লাইডিং করছেন। তবে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা এটাই বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বেঁচে ফেরা নিঃসন্দেহে এক অলৌকিক ঘটনা এবং প্রমাণ করে- মানুষের ইচ্ছাশক্তি ও ধৈর্য প্রকৃতির চরম প্রতিকূলতার সঙ্গেও লড়তে পারে।
এটি কেবল দুর্ঘটনার গল্প নয় বরং মেঘের অতল গহ্বর থেকে মৃত্যুকে জয় করে জীবনের দিকে ফিরে আসার এক অভাবনীয় মানবিক যাত্রার কাহিনি।

