মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে হামাস। তারা বলছে, এই প্রস্তাব গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক সংকটকে বৈধতা দেওয়ার শামিল। প্রস্তাবটি এখনো আলোচনার পর্যায়ে থাকলেও হামাসের জ্যেষ্ঠ নেতারা এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছে। মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এটি হামাসের কাছে পাঠিয়েছেন পর্যালোচনার জন্য।
তবে জানা যায়, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্স-কে বলেছে, “এই চুক্তিতে আমাদের জনগণের প্রধান কোনো দাবিই পূরণ হয়নি। আমরা যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবি করেছি কিন্তু প্রস্তাবে তা নেই।”
ইসরায়েলের আগ বাড়িয়ে কোনো প্রস্তাবে সম্মতি দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। নেতানিয়াহু হয়তো এ পরিকল্পনায় সম্মতি দিচ্ছেন। কারণ তিনি জানেন, এটি হামাসের জন্য মেনে নেওয়া অসম্ভব হবে। আর এর মধ্য দিয়ে তিনি যেন বিশ্ববাসীর কাছে হামাসকে ‘খলনায়ক’ হিসেবে উপস্থাপন করতে পারেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ পান।
—আকিভা এলদার, ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক
হামাসের আরেক সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেন, “এই প্রস্তাব ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহারের কথা বলে না, এমনকি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তার নিশ্চয়তাও দেয় না। সুতরাং এটি কোনো প্রকৃত যুদ্ধবিরতির পথ নয়।”
তিনি আরও যোগ করেন, “গাজায় বাস্তব অবস্থা পরিবর্তনের কোনো নিশ্চয়তা ছাড়া কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়। আমাদের শর্ত পরিষ্কার- যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা নিশ্চিতকরণ।”
এদিকে ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব অনুমোদনের ঘোষণা দেয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জিম্মিদের স্বজনদের সঙ্গে সাক্ষাতে উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার সংবাদমাধ্যম আল–জাজিরা-কে বলেছে, “নেতানিয়াহু এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন, কারণ তিনি জানেন এটি হামাসের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এতে করে তিনি বিশ্ববাসীর সামনে হামাসকে ‘অবাধ্য ও খলনায়ক’ হিসেবে তুলে ধরতে পারবেন এবং একই সঙ্গে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার যুক্তিও পাবেন।”
এই মন্তব্যের ব্যাখ্যায় এলদার আরও বলেন, “এটা নতুন কিছু নয়। অতীতেও নেতানিয়াহু এমন প্রস্তাবের মাধ্যমে দোষ হামাসের ঘাড়ে চাপিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করেছেন।”
উল্লেখ্য কয়েক দিন আগেই হামাস দাবি করেছিল, তারা স্টিভ উইটকফের সঙ্গে একটি যুদ্ধবিরতির সাধারণ রূপরেখা নিয়ে সমঝোতায় পৌঁছেছে। সেই রূপরেখায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক সহায়তার প্রবেশ এবং যুদ্ধবিরতির পর একটি পেশাদার প্রশাসনিক কমিটি গঠনের বিষয় ছিল।
তখন বলা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ৬০ দিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর এবং সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবেন। কিন্তু পরে উইটকফ এমন শর্তের অস্তিত্ব অস্বীকার করেন এবং জানান, যেসব শর্তের কথা বলা হচ্ছে সেগুলো “পুরোপুরি অগ্রহণযোগ্য”।
গাজায় যুদ্ধবিরতির প্রতিটি প্রচেষ্টাই বারবার মুখ থুবড়ে পড়েছে দুই পক্ষের পারস্পরিক অবিশ্বাস ও পরস্পরবিরোধী শর্তের কারণে। ইসরায়েল একদিকে চায় হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ, অপরদিকে হামাস চায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার।
এই অবস্থায় নতুন করে দেওয়া প্রস্তাব কার্যকরভাবে সহিংসতা বন্ধ করতে পারবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। আর হামাসের ভাষ্য স্পষ্ট- এটি গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয় চালিয়ে যাওয়ার নতুন কৌশল ছাড়া কিছু নয়।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবে যুদ্ধের ইতি টানার কোনো বাস্তব পরিকল্পনা না থাকলে এ ধরনের কূটনৈতিক উদ্যোগ কেবল রাজনৈতিক দায়মুক্তি অর্জনের একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন তা যুদ্ধরত কোনো এক পক্ষের জন্য কৌশলগত সুবিধা নিশ্চিত করে। গাজা সংকটেও ঠিক এমনটিই ঘটছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

