গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র আন্দোলন। এবার লক্ষ্য ছিল তেলআবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর। হুথি বাহিনী দাবি করেছে, তারা সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (৩০ মে) মেহের নিউজ এজেন্সির বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, যতদিন ইসরায়েলের আগ্রাসন ও গাজা অবরোধ চলবে, ততদিন ইয়েমেনি প্রতিরোধ থেমে থাকবে না। তিনি বলেন, “ইসরায়েলের দখলদারিত্ব ও গাজায় নিরীহ মানুষের ওপর গণহত্যার জবাবে আমরা আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাব।”
ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে। তাঁর ভাষায়, হুথি বাহিনী ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে প্রতিশোধমূলক হামলা জোরদার করবে।
তিনি আরও বলেন, “গাজা উপত্যকার জনগণের পাশে থেকে আমরা প্রতিশোধের পথ ছাড়ব না, যতক্ষণ না ইসরায়েল যুদ্ধ বন্ধ করে এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নেয়।”
এদিকে গাজায় ইসরায়েলি হামলা যতই ভয়াবহ রূপ নিচ্ছে, ইয়েমেনের হুথি বাহিনী ততই কার্যকর অবস্থান নিচ্ছে। গাজা সংকটের পরিপ্রেক্ষিতে তারা এর আগেও সামুদ্রিক রুটে ইসরায়েলগামী জাহাজ আটকে কৌশলগত অবরোধ তৈরি করেছে। এই পদক্ষেপের মাধ্যমে হুথিরা ইসরায়েলের সামরিক ও বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।
তবে বেন গুরিওন বিমানবন্দরে হুথিদের হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনার মধ্যে হুথিদের এই হামলা ইয়েমেন-ইসরায়েল বৈরিতাকে আরও উসকে দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

