আজাদ কাশ্মীরের বাগ জেলার ধীরকোট তেহসিলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রাসডানা এলাকায়, যেখানে একটি পুলিশবাহী গাড়ি পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ফাহিম, এসএইচও নাভিদ ও ইন্সপেক্টর ইয়াসির কাইনিও। নিহত পুলিশ সদস্যরা সবাই আজাদ কাশ্মীরের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাগ জেলার ডেপুটি কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, যে সড়কে দুর্ঘটনাটি ঘটে, সেটি গত ১৬ মে থেকে যান চলাচলের জন্য অনুপযুক্ত ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ (আরএনডব্লিউ) এ বিষয়ে একটি সরকারি নোটিশও জারি করেছিল।
পাহাড়ি অঞ্চলের অনুন্নত ও ঝুঁকিপূর্ণ সড়ক এবং যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনার অভাবের কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার প্রতি উদাসীনতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পাহাড়ি এলাকায় সড়কের খারাপ অবস্থা দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজও দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

