প্রায় ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে জাতিসংঘ। রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ স্মারকলিপি অনুযায়ী, জাতিসংঘ সচিবালয় তাদের ৩.৭ বিলিয়ন ডলারের বাজেট ২০ শতাংশ কমাতে চায়। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৬,৯০০ জন কর্মীকে ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে ছাঁটাইয়ের লক্ষ্যে কর্মীদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অর্থনৈতিক সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের আর্থিক অবদান কমানোর বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ যুক্তরাষ্ট্র বিশ্ব সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় এক-চতুর্থাংশ অর্থায়ন করে থাকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্যের হ্রাস জাতিসংঘের মানবিক কার্যক্রমকেও ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১.৫ বিলিয়ন ডলার বকেয়া রয়েছে।
স্মারকলিপির লেখক জাতিসংঘের নিয়ন্ত্রক চন্দ্রমৌলি রামানাথন উল্লেখ করেছেন, এই বাজেট কাটছাঁট ‘ইউএন৮০’ নামক মার্চ মাসে শুরু হওয়া পর্যালোচনার অংশ। এই ছাঁটাই কার্যক্রম আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হতে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি কূটনীতিকদের ব্রিফিংয়ে বলেন, তিনি একটি বড় ধরনের সংস্কার পরিকল্পনা করছেন, যা সংস্থার প্রধান বিভাগগুলোকে একীভূত করবে, সম্পদ পুনর্বিন্যাস করবে এবং কর্মীদের নিম্নমূল্যের শহরে স্থানান্তরসহ অপ্রয়োজনীয় আমলাতন্ত্র কমিয়ে দেবে।
এই সংস্কারের মাধ্যমে জাতিসংঘের কাজ আরও দক্ষ ও ফলপ্রসূ করার লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন আনা হবে।

