মিয়ানমারের রাখাইন রাজ্যে চীনা বিনিয়োগকেন্দ্র কিয়াউকফিউ দখল নিতে সংঘর্ষে জড়িয়েছে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এই লড়াইয়ে এক শীর্ষ জান্তা জেনারেল নিহত হয়েছেন। শহরটির আশপাশে সেনাবাহিনীর একাধিক ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কিয়াউকফিউ-রাম্রি সড়কের পাশে পিয়াইন সি কাই গ্রামসংলগ্ন এলাকায় তীব্র লড়াই চলছে। এলাকাটি কিয়াউকফিউ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে। সেখানে জান্তা বাহিনীর একটি প্রধান সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। লড়াইয়ের স্থানটি চীনের তেল ও গ্যাস টার্মিনালের খুব কাছাকাছি।
গত ২৬ মে, সোমবার আরাকান আর্মির এক স্নাইপার হামলায় নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিও আউং ও একজন সেনা ক্যাপ্টেন। জেনারেল কিয়াও মিও আউং ছিলেন ১১ নম্বর ডিভিশনের একজন কৌশলগত কর্মকর্তা। পরে তাঁর মরদেহ বিশেষ বিমানে ইয়াঙ্গুনে পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁকে মিংগালাডন সামরিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার জানিয়েছে, ৪৫ বছর বয়সী এই জেনারেল কর্তব্য পালনের সময় প্রাণ হারান।
সংঘর্ষের তীব্রতা বাড়ায় কিয়াউকফিউ শহর রক্ষায় সেনা জান্তা স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে ব্যবহার করছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরাবতী’ জানায়, চীনের বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আরাকান আর্মির বিরুদ্ধে ড্রোন হামলায় জান্তা বাহিনীকে সহায়তা করছে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার একটি নতুন আইন প্রণয়ন করে। এতে বলা হয়, চীনা নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিয়ানমারে অস্ত্র বহন করে তাদের বিনিয়োগ রক্ষা করতে পারবে। সেই আইনের পর থেকেই কিয়াউকফিউতে চীনা কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সেখানে চীন একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। এই বন্দর ব্যবহার করে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার পাবে চীন।
রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষ শহরের একেবারে কাছাকাছি চলে এসেছে। ফলে কিয়াউকফিউয়ের অনেক জান্তা কর্মকর্তা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, কিয়াউকফিউ থেকেই শুরু হয়েছে চীনের কৌশলগত তেল ও গ্যাস পাইপলাইন। এটি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত।
২০২৩ সালের নভেম্বরে জান্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আরাকান আর্মি। এরই মধ্যে তারা রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এবং দক্ষিণ চিন রাজ্যের পালেতোয়া অঞ্চল দখলে নিয়েছে। এখন তারা রাখাইনের রাজধানী সিত্তুই দখলের চেষ্টা চালাচ্ছে।
জান্তা বাহিনী পাল্টা জবাবে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকাগুলিতে বিমান হামলা চালাচ্ছে। এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এদিকে, চলতি বছর আরাকান আর্মির প্রভাব রাখাইন ছাড়িয়ে মাগওয়ে, বাগো ও আয়েয়ারওয়াডি অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

