ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে- বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত- এই হামলায় আহত হয়েছেন অন্তত ২৭৮ জন। বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের উদ্ধার সম্ভব হয়নি।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ পর্যন্ত- দেড় বছরের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২১ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ বাড়লেও এখনো সংঘাত থামেনি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজায় দুই মাসব্যাপী যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবে সম্মতি দিলেও, হামাস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির বিষয়ে অনিশ্চয়তা এবং সংঘাতের লাগাতার ধারা গাজার মানবিক পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলছে।

