মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ইসরায়েলবিরোধী বক্তব্য দেওয়ার দায়ে ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী মেঘা ভেমুরিকে তাদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য বক্তব্য দেওয়ার পর এমআইটি প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
মেঘা এমআইটির ২০২৫ ব্যাচের নির্বাচিত সভাপতি এবং স্নাতক অনুষ্ঠানে প্রধান মার্শাল হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তার বক্তব্যের পর প্রশাসন তাঁকে এবং তার পরিবারের সদস্যদের পুরো অনুষ্ঠানের সময়জুড়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
এমআইটির উপাচার্য মেলিসা নোবেলস এক ইমেইলে মেঘাকে লিখেছেন, “আপনি পরিকল্পিতভাবে এবং বারবার স্নাতক অনুষ্ঠান আয়োজকদের বিভ্রান্ত করেছেন। মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত হলেও আপনি অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করেছেন এবং নির্ধারিত নিয়ম, সময় ও স্থান উপেক্ষা করে প্রতিবাদ করেছেন।”
এই নিষেধাজ্ঞা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা- বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে যেকোনো ধরনের রাজনৈতিক বক্তব্য প্রশাসনের অনুমতি ছাড়াই গ্রহণযোগ্য নয়।
লাল কেফিয়েহ পরে, যা ফিলিস্তিনপন্থী প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, মেঘা ভেমুরি তার বক্তব্যে ইসরায়েলের গাজায় সামরিক অভিযানকে “নৃশংসতা” আখ্যা দেন। তিনি বলেন, “এমআইটি একটি বিদেশি সামরিক বাহিনী- ইসরায়েলের-সাথে গবেষণায় অংশ নিচ্ছে। এর অর্থ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার সঙ্গে যুক্ত।”
তিনি আরও বলেন, “ইসরায়েল ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এটা দুঃখজনক এবং লজ্জাজনক যে এমআইটি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে।”
মেঘা তাঁর বক্তৃতায় উল্লেখ করেন যে, এর আগেও এমআইটির আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ছাত্র ইউনিয়ন ভোটের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের পক্ষে রায় দিয়েছে।
মেঘা ভেমুরির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আলফারেটা শহরে। ২০২১ সালে আলফারেটা হাইস্কুল থেকে স্নাতক সম্পন্ন করে তিনি এমআইটিতে ভর্তি হন। এমআইটিতে তিনি কম্পিউটার সায়েন্স, নিউরোসায়েন্স এবং ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ছিলেন ছাত্রসংগঠন রিটেন রেভল্যুশনের সদস্য, যেটি বিপ্লবী চিন্তার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এর পূর্বে দক্ষিণ আফ্রিকার ইউসিটি নিউরোসায়েন্স ইনস্টিটিউটে গবেষণা সহকারী হিসেবেও কাজ করেছেন।
এমআইটির এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে বলছেন, আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা নিষিদ্ধ থাকাই উচিত।
ফিলিস্তিনপন্থী আন্দোলন ও মানবাধিকার সংগঠনগুলো মেঘার পক্ষে অবস্থান নিয়েছে। তারা দাবি করেছে, এক শিক্ষার্থী যখন মানবতার পক্ষে এবং নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে, তখন তাঁকে দমন করা মতপ্রকাশের অধিকারের লঙ্ঘন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হলেও ধারণা করা হচ্ছে, এই ঘটনার প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে আরও বড় পরিসরে বিক্ষোভ সংগঠিত হতে পারে।

