পাকিস্তানে মৌসুমি ঝড় ও ভারী বৃষ্টিপাতে গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি মানুষ। শুক্রবারও প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। নিহতদের সবার বাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সূত্র: জিও নিউজ
নিহত ৩২ জনের মধ্যে ৩০ জনই মারা গেছেন বাড়ির ছাদ বা দেয়াল ধসে পড়ে। আর দুইজনের মৃত্যু হয়েছে ঝড়ে উপড়ে যাওয়া সোলার প্যানেল আঘাতের কারণে। চলমান ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানায়, শনিবার পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এর মধ্যে পাহাড়ি অঞ্চল ও দুর্বল অবকাঠামোতে বসবাসকারীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত পাকিস্তানজুড়ে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছিল। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এ বছর তাপমাত্রা ছিল গড়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেই দাবদাহ কাটতে না কাটতেই ঝড়-বৃষ্টির মতো আরেক দুর্যোগ শুরু হয়।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে, পাকিস্তান তার মধ্যে অন্যতম। অতিরিক্ত তাপপ্রবাহ, আকস্মিক বৃষ্টি, ঝড় এবং নিয়মিত বন্যার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিবছরই বহু মানুষ প্রাণ হারাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে দুর্বল অবকাঠামো, অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মিলিয়ে দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো এবং প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

