গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর টানা অভিযানে হামাসের হাতে বন্দি থাকা অন্তত ২০ জন ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলেরই অন্যতম প্রভাবশালী পত্রিকা হারেৎজ। পত্রিকাটির অনুসন্ধান বলছে, দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই সামরিক অভিযানে ইসরায়েল নিজের নাগরিকদের প্রাণ ঝুঁকিতে ফেলেছে এবং বহু ক্ষেত্রে ‘নিরাপদ দূরত্ব’ বিবেচনায় হামলা চালানো হয়েছে জিম্মিদের অবস্থানের আশেপাশেই।
শুক্রবার (৩০ মে) প্রকাশিত হারেৎজের এই প্রতিবেদনটি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংবাদটি প্রথমে তুলে ধরে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
হারেৎজ জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর পাল্টা অভিযানে এই ২০ জিম্মির মৃত্যু হয়। কেউ কেউ নিহত হন সরাসরি বোমা হামলায়, কেউ মারা যান সামরিক কার্যকলাপের ধ্বংসযজ্ঞের ফলে।
এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা হামাস কোনো মন্তব্য করেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, হারেৎজের কাছে থাকা সেনাবাহিনীর একাধিক সূত্র এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
এক সামরিক কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, “যত বেশি হামলা হবে, জিম্মিদের ঝুঁকিও তত বাড়বে।” আরেকজন স্বীকার করেন, “যেখানে জিম্মিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, সেখানে হামলা চালানো হয় অনুমানের ভিত্তিতে।”
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর নীতিগত সিদ্ধান্ত ছিল, জিম্মিদের ব্যাপারে উদ্বেগ থাকলেও অনেক ক্ষেত্রেই মাত্র কয়েকশ মিটার দূরে ‘নিরাপদ’ বিবেচনায় বোমা বর্ষণ চালানো হয়েছে। একাধিক সম্ভাব্য হামলা ‘জিম্মিদের জন্য ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় এড়ানো হলেও তা পর্যাপ্ত ছিল না বলে প্রতিবেদনে উঠে এসেছে।
হারেৎজের অনুসন্ধান অনুযায়ী, গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৪ জন ইসরায়েলি জিম্মির জীবন সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের মধ্যে কতজন এখনও জীবিত, সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পত্রিকাটির কাছে নেই।
ইসরায়েলের এই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন ৫৪ হাজার ৩৮১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও কয়েক লাখ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে। অধিকাংশ হতাহতই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের হঠাৎ হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার একমাত্র উদ্দেশ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা এবং জিম্মিদের উদ্ধার করা।
আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাস একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির দুই মাস পূর্ণ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই দ্বিতীয় দফার অভিযানে ইতোমধ্যে ৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার আহত হয়েছেন।
হারেৎজের এই অনুসন্ধান প্রতিবেদনের পর ইসরায়েলের অভ্যন্তরেই প্রশ্ন উঠেছে- জিম্মিদের জীবন বাঁচাতে তাদেরই সেনাবাহিনী কতটা আন্তরিক ছিল? মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই ঘটনাটিকে ‘সংঘাতের নামে আত্মঘাতী সামরিক কৌশল’ হিসেবে অভিহিত করেছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল নিজের নাগরিকদের উদ্ধারের নামে এমন একটি সামরিক কৌশল অবলম্বন করেছে, যেখানে জিম্মিদের জীবন নিরাপদ ছিল না- বরং বারবার ঝুঁকিতে পড়েছে। এটি যুদ্ধনৈতিক ব্যর্থতার পাশাপাশি মানবিক ও কূটনৈতিক প্রশ্নও সৃষ্টি করছে।
হারেৎজের এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে, জিম্মিদের মৃত্যুর দায় এড়াতে সেনাবাহিনীর কার্যক্রমের যথার্থতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্ব নেতারা ইসরায়েলকে ‘স্বচ্ছতা ও দায়বদ্ধতা’ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। এমনকি এই তথ্যগুলোর ভিত্তিতে যুদ্ধাপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) দিকেও নজর দিচ্ছে কিছু মানবাধিকার সংগঠন।

