যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ১৪ কোটি মৌমাছি মুক্ত হয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত শুক্রবার (৩০ মে ২০২৫) ভোর ৪টার দিকে কানাডা সীমান্তের কাছে লিন্ডেনের কাছাকাছি ওয়েডক্যাম্প রোডে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে প্রায় ৭০,০০০ পাউন্ড (৩১,৭৫০ কেজি) সক্রিয় মৌচাক বোঝাই ছিল।
প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছিল, ২৫ কোটি মৌমাছি মুক্ত হয়েছে- তবে মৌচাষিদের তথ্যের ভিত্তিতে শনিবার এই সংখ্যা সংশোধন করে ১৪ কোটি বলা হয়।
হোয়াটকম কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ট্রাকচালক একটি তীক্ষ্ণ বাঁকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। চালক অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর মৌচাকগুলো ভেঙে পড়ায় মৌমাছিরা মুক্ত হয়ে উড়তে শুরু করে। এতে শেরিফের ডেপুটি, জরুরি পরিষেবা কর্মী এবং মৌচাষিদের কয়েকজন হুল ফোটানোর শিকার হন। কিছু ডেপুটিকে মৌমাছির হামলা থেকে বাঁচতে তাঁদের গাড়িতে আশ্রয় নিতে হয়।
স্থানীয় মৌচাষি ডেরেক কনডিট বর্ণনা করেন, মৌমাছির ঝাঁক এত ঘন ছিল যে তা “মেঘের মতো” দেখাচ্ছিল। তিনি জানান, ভেঙে পড়া মৌচাকগুলো একটি একটি করে পুনর্গঠন করতে হচ্ছে, যা একটি জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া। দুই ডজনেরও বেশি মৌচাষি উদ্ধারকাজে সহায়তার জন্য এগিয়ে এসেছেন। তাঁরা মৌচাকগুলো পুনঃস্থাপন করে মৌমাছিদের তাদের রানির কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। কর্তৃপক্ষ আশা করছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বেশির ভাগ মৌমাছি তাদের মৌচাকে ফিরে যাবে।

হোয়াটকম কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, “মৌমাছির ঝাঁকের আক্রমণের ঝুঁকির কারণে ওয়েডক্যাম্প রোডের লুমিস ট্রেইল ও ওয়েস্ট ব্যাজার এলাকা এড়িয়ে চলুন।” সাধারণ মানুষের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকলেও- মৌমাছির হুলের প্রতি অ্যালার্জি থাকা ব্যক্তিদের ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের ওয়েবসাইটে পরামর্শ দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
মৌমাছিরা ফসলের পরাগায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বাদাম, ফল, শাকসবজি ও সাইট্রাস ফলের জন্য। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের পোলিনেটর হেলথ কো-অর্ডিনেটর ড. কেটি বাকলি জানান, “মৌমাছিরা আশ্চর্যজনকভাবে শক্তিশালী। দুর্ঘটনায় কিছু মৌমাছি মারা গেলেও বেশির ভাগই তাদের মৌচাকে ফিরে যাবে।” তিনি পরামর্শ দিয়েছেন, রাতের বেলা মৌচাক স্থানান্তর করা উচিত, কারণ মৌমাছিরা অন্ধকারে উড়তে পারে না এবং লাল আলো ব্যবহার করা উচিত, কারণ মৌমাছিরা লাল রং দেখতে পায় না।
মৌচাষিরা প্রায়ই মৌমাছিকে বিভিন্ন স্থানে পরিবহন করে, কারণ এক জায়গায় বেশি সময় রাখলে অন্য পরাগায়ণকারী পতঙ্গের সম্পদ কমে যায়। ওয়াশিংটন স্টেট বিইকিপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালান উডস বলেন, এ ধরনের দুর্ঘটনার জন্য রাজ্যে একটি “জরুরি মৌমাছি প্রতিক্রিয়া” ব্যবস্থা থাকা উচিত। ২০১৫ সালে সিয়াটলের কাছে ইন্টারস্টেট ৫-এ ১৪ কোটি মৌমাছি মুক্ত হয়েছিল- যা মানুষের ওপর হামলা করেছিল।
শনিবার সকালের মধ্যে বেশির ভাগ মৌচাক পুনঃস্থাপন করা হয়েছে এবং কর্তৃপক্ষ আশা করছে, বেশির ভাগ মৌমাছি তাদের রানির কাছে ফিরে যাবে।

