গাজায় ইসরাইলের সামরিক অভিযানে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন অন্তত ১৩৬ জন। বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, ইসরাইলের টানা আগ্রাসনে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৫৪ হাজার ৪১৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ১৯০ জনের বেশি।
রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নতুন করে আরও ৩৭টি মরদেহ পৌঁছেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ সেখানে পৌঁছানো দুরূহ হয়ে পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের চাঞ্চল্যকর হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। হামলায় প্রায় ১,২০০ জন ইসরাইলি নিহত হন এবং হামাস ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় গাজায় চালানো হয় ব্যাপক সামরিক আক্রমণ।
চলমান যুদ্ধের মাঝে আন্তর্জাতিক চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি উভয়পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এই বিরতি বেশিদিন স্থায়ী হয়নি। মার্চের ১৮ তারিখ থেকে আবারও অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফার এই অভিযানে মাত্র আড়াই মাসে নিহত হয়েছেন আরও অন্তত ৩,৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ।
গাজায় প্রতিদিন বাড়তে থাকা হতাহতের সংখ্যা শুধু জীবনহানিকেই তুলে ধরে না বরং এই অঞ্চলটিতে ক্রমবর্ধমান মানবিক সংকটকেও চোখে আঙুল দিয়ে দেখায়। হাসপাতালগুলোতে উপচে পড়া আহতদের ভিড়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় বহু মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তবে কূটনৈতিক চাপ থাকা সত্ত্বেও যুদ্ধ থামার ইঙ্গিত এখনো স্পষ্ট নয়।

