জার্মানির প্রতিরক্ষা প্রধান লেফটেন্যান্ট জেনারেল কার্সটেন ব্রয়্যার সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী চার বছরের মধ্যে ন্যাটো জোটের সদস্য দেশগুলোর ওপর হামলা চালাতে পারে। তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই তথ্য রোববার (১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রয়্যার জানান, রাশিয়া বছরে প্রায় ১,৫০০ যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন করছে। এর একটি বড় অংশ ইউক্রেন যুদ্ধে ব্যবহার না করে পশ্চিমমুখী সামরিক কাঠামো ও মজুদে যুক্ত করছে। ২০২৪ সালে রাশিয়া ৪০ লাখ ১৫২ মিমি কামানের গোলা তৈরি করেছে, যার সব ইউক্রেনে পাঠানো হয়নি। এই সামরিক প্রস্তুতি থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, ২০২৯ সালের মধ্যে রাশিয়া ন্যাটোর বাল্টিক দেশগুলোতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।
জেনারেল ব্রয়্যার বলেন, “এটা নিশ্চিত নয় যে হামলা ২০২৯ সালের আগে হবে না। তাই আমাদের আজ থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি বিশেষ করে সুয়ালকি গ্যাপের দুর্বলতার কথা উল্লেখ করেন, যা লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। তিনি বলেন, “বাল্টিক দেশগুলো রাশিয়ার অত্যন্ত কাছাকাছি। সেখানে গেলে তাদের ভয় ও উৎকণ্ঠা স্পষ্ট বোঝা যায়।”
তিনি আরও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ন্যাটোর সঙ্গে বৃহত্তর সংঘর্ষের অংশ হিসেবে দেখছে এবং ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে। এর প্রমাণ হিসেবে তিনি বাল্টিক সাগরের তলদেশের কেবল সংযোগে হামলা, ইউরোপের গণপরিবহনে সাইবার আক্রমণ এবং জার্মানির বিদ্যুৎকেন্দ্রের ওপর অজ্ঞাত ড্রোন উড্ডয়নের ঘটনা উল্লেখ করেন।
হাঙ্গেরি ও স্লোভাকিয়ার রাশিয়াপন্থী অবস্থান সত্ত্বেও ব্রয়্যার দাবি করেন, ন্যাটোর ঐক্য অটুট রয়েছে। তিনি ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের উদাহরণ তুলে ধরে বলেন, “আমার ৪০ বছরের সামরিক জীবনে এমন ঐক্য আগে দেখিনি। সবাই হুমকির গুরুত্ব উপলব্ধি করেছে এবং সম্মিলিত প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।”
জেনারেল ব্রয়্যার জোর দিয়ে বলেন, ন্যাটো সদস্য দেশগুলোকে এখনই সামরিক সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, “আমাদের এখনই প্রস্তুতি জোরদার করতে হবে। এটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং সম্ভাব্য হামলা রোধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্যও জরুরি।”

