এবার ২০২৫ সালে প্রায় ২ লাখ ৭০ হাজার হজ্ব যাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া হজ্ব করতে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা এপি।
সৌদি সরকারের হজ্ব কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর হজ্ব মৌসুমে তীব্র তাপদাহে অনেক হাজীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়ায় এ বছর ‘অবৈধ’ হজ্ব যাত্রীদের মক্কায় প্রবেশে বাঁধা দেওয়া হচ্ছে। হজ্বের অনুমতি না থাকায় এই পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জন হজ্ব যাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সৌদি সরকার বলছে, অনুমতি ছাড়া হজ্ব করতে আসায় মক্কায় হাজীদের ভিড় বেড়ে যায়। গত বছর অতিরিক্ত ভিড় ও তীব্র তাপদাহের কারণে ১ হাজার ৩০০ জন হাজী মারা গেছেন। এই বছর যেন এমন অনাকাঙ্ক্ষিক মৃত্যু না ঘটে, তাই ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে এবং অবৈধ হজ্ব যাত্রীদের মক্কায় প্রবেশে বাঁধা দেওয়া হচ্ছে।
বর্তমানে মক্কায় অন্তত ১৪ লাখ হজ্বযাত্রী রয়েছেন বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজ্বের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হজ্বযাত্রীদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অনুমতি ছাড়া হজ্ব করতে গিয়ে আটক হলে ৫ হাজার ডলার জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে। এই বিধান সৌদির নাগরিকদের জন্যও প্রযোজ্য।
রবিবার মক্কায় এক সংবাদ সম্মেলনে সৌদি কর্মকর্তারা বলেন, “সৌদি আরবের নাগরিক হলেও তাঁকে হজ্বের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া হজ্বের পরিকল্পনা করায় এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি সৌদি নাগরিককে জরিমানা করা হয়েছে। এছাড়া ৪০০টি হজ্ব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে”।
হজ্ব করতে গিয়ে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছর হজ্ব মৌসুমে নানা কারণে প্রাণহানির ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই বছর হাজীদের নিরাপত্তায় প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হচ্ছে। এসব ড্রোন নজরদারি ও পর্যবেক্ষণের পাশাপাশি আগুন নেভানোর কাজে ব্যবহৃত হবে।
প্রতি বছর জিলহজ মাসে পালিত হয় হজ্ব। এই সময় বিশ্বের প্রায় সব দেশ থেকে লাখ লাখ মানুষ মক্কায় উপস্থিত হন। হজ্বের বেশ কিছু নিয়মনীতি আছে যা হজ্ব যাত্রীরা ধাপে ধাপে পালন করেন।

