রাশিয়ার অভ্যন্তরে চারটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার লক্ষ্য ছিল অন্তত ৪০টি বোমারু ও যুদ্ধবিমান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “স্পাইডারস ওয়েব অপারেশন” নামে উল্লেখ করে দাবি করেছেন, এতে ব্যবহৃত হয়েছে ১১৭টি ড্রোন। গোটা অভিযানের প্রস্তুতিতে সময় লেগেছে প্রায় দেড় বছর।
হামলায় টিইউ-৯৫, টিইউ-২২এম৩ ও এ-৫০-এর মতো রাশিয়ার কৌশলগত পরমাণু সক্ষম বোমারু বিমানে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। হামলার আগে এই ড্রোনগুলো গোপনে রাশিয়ার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং কাঠের তৈরি ভ্রাম্যমাণ কেবিনে রাখা হয়। পরে নির্দিষ্ট সময় বুঝে দূরনিয়ন্ত্রিতভাবে ছাদ খুলে হামলা চালানো হয় বিমানঘাঁটিগুলোতে।
এসবিইউ সূত্রে জানা যায়, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার চারটি ঘাঁটি:
- বেলায়া (ইরকুতস্ক, সাইবেরিয়া)
- ওলেনিয়া (উত্তর-পশ্চিম মুরমানস্ক অঞ্চল)
- ডিয়াজিলেভো (রিয়াজান অঞ্চল)
- ইভানভো (মধ্য রাশিয়া)

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পাঁচটি অঞ্চলে ড্রোন হামলার বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, মুরমানস্ক ও ইরকুতস্কের ঘাঁটিগুলোতে কয়েকটি বিমানে আগুন ধরে যায়, তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেনি। হামলাকারীদের কয়েকজনকে আটক করার কথাও জানায় মন্ত্রণালয়।
জেলেনস্কি এই সাফল্যের জন্য এসবিইউ প্রধান ভাসিল মালিউককে অভিনন্দন জানিয়ে বলেন, “এই অভিযানের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, পুরো অপারেশনের পরিকল্পনা এবং সমন্বয়ের কাজ হয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি’র খুব কাছ থেকেই।” তিনি আরও বলেন, অভিযানে অংশ নেওয়া ইউক্রেনীয় সদস্যরা আগেই নিরাপদে রাশিয়া ত্যাগ করেছেন।
এসবিইউ’র অনুমান, এ হামলায় রাশিয়ার প্রায় ৭ বিলিয়ন ডলারের কৌশলগত বিমান পরিবহন সক্ষমতা নষ্ট হয়েছে। তারা শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।
রাশিয়া এই হামলাকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করেছে। ইরকুতস্ক গভর্নর ইগর কবজেভ জানান, বেলায়া ঘাঁটিতে একটি ট্রাক থেকে ড্রোনগুলো ছোঁড়া হয় এবং ওই এলাকা এখন নিরাপদ।
রুশ সংবাদমাধ্যমগুলোও ট্রাক থেকে ড্রোন ছাড়া ও ক্ষতিগ্রস্ত বিমানের ছবি প্রকাশ করেছে। মুরমানস্ক অঞ্চলেও হামলা হয়েছে বলে তারা জানিয়েছে, যদিও সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আংশিকভাবে কাজ করেছে।

এদিকে ইউক্রেনের ভূখণ্ডে রোববার রাতে রাশিয়া চালিয়েছে ৪৭২টি ড্রোন এবং সাতটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যে একটি হামলায় ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ১২ জন সেনা নিহত হন। এর পরপরই পদত্যাগ করেন ইউক্রেনের স্থল বাহিনীর প্রধান মেজর জেনারেল মিখাইলো ডিরাপাতাই।
এই সংঘাতের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল সোমবার দ্বিতীয় দফার শান্তি আলোচনা অংশ নিতে তুরস্কের ইস্তান্বুলের উদ্দেশে রওনা হয়েছেন। তবে সাম্প্রতিক এই আক্রমণ-পাল্টা আক্রমণে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর ২০২২ সালে পূর্ণমাত্রায় আগ্রাসন চালিয়ে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। সাম্প্রতিক এই হামলা ইউক্রেনের প্রতিরোধ সক্ষমতার নতুন মাত্রা তুলে ধরেছে বলেও মন্তব্য করছেন সামরিক বিশ্লেষকরা।
এই হামলার জেরে রাশিয়ার কৌশলগত বিমান ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাল্টা আঘাত ও ক্রমবর্ধমান ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতা এই যুদ্ধকে আরও জটিল ও ধ্বংসাত্মক করে তুলছে।

