বুকারজয়ী ঔপন্যাসিক স্যার সালমান রুশদি, ২০২২ সালে নিউ ইয়র্কে এক সাহিত্য অনুষ্ঠানে মঞ্চে ছুরি হামলার শিকার হয়েও সেই ভয়াল অধ্যায় পিছনে ফেলে নতুন কথাসাহিত্য নিয়ে ফিরে এসেছেন। হে ফেস্টিভ্যালে তার আসন্ন গল্পসংকলন ‘দ্য ইলাভেন্থ আওয়ার’ নিয়ে আয়োজিত এক আড্ডায় তিনি বলেন, “ছুরি হামলা নিয়ে সবাই জানতে চায় আমি কি এখনো সেই ট্র্যাজেডি বয়ে বেড়াচ্ছি কিন্তু আমি সেটা পেরিয়ে এসেছি। কল্পনার জগতে ফিরে যাওয়া আমার জন্য স্বস্তির।” সূত্র: বিবিসি
২০২২ সালের হামলায় রুশদি গুরুতর আহত হন। এতে তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং স্নায়বিক ক্ষতির কারণে একটি হাত আংশিক পঙ্গু হয়ে যায়। হামলাকারী হাদি মাতার গত মাসে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তবে রুশদি জানান, তিনি এখন আর সেই ঘটনার ভার বহন করছেন না। তিনি বলেন, “আমি ভালো আছি। ডান চোখ না থাকাটা বিরক্তিকর হলেও- মোটের ওপর আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
হামলার স্থানে স্ত্রী এলাইজার সঙ্গে ফিরে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, “আমি দেখতে চেয়েছিলাম যেখানে একদিন লুটিয়ে পড়েছিলাম, সেখানে দাঁড়াতে পারি কি না। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম।” এই সফর তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।
গত বছর রুশদি তার আত্মজৈবনিক বই ‘নাইফ’ প্রকাশ করেন, যেখানে তিনি হামলার স্মৃতি ও তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। বইটিকে তিনি ‘প্রতিরোধের ভাষা’ হিসেবে আখ্যায়িত করেন। চলতি বছরের নভেম্বরে প্রকাশিত হতে যাওয়া ‘দ্য ইলাভেন্থ আওয়ার’ হবে হামলার পর তার প্রথম কথাসাহিত্য।
অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। ওবামা যুগের উৎসবমুখর পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তিনি বলেন, “ওয়াশিংটনের মলে ওবামা ও মিশেলকে ঘিরে মানুষের নাচের সেই মুহূর্ত থেকে এখনকার সময়ে আসাটা হতাশাজনক।” তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে এই মন্তব্য করেন। তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার কথা জানিয়ে তিনি বলেন, “আমার মধ্যে আশাবাদের রোগ আছে। আমি ভাবতেই পারি না যে সবকিছু খারাপই হবে।”
বাকস্বাধীনতা নিয়ে রুশদি বলেন, “এর অর্থ এমন কথাও সহ্য করা, যা আপনার পছন্দ নয়।” তিনি একটি চলচ্চিত্রের উদাহরণ দেন, যেখানে তাকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছিল। তিনি নিজেই সেই চলচ্চিত্রের মুক্তির অনুমোদন দিয়েছিলেন। তিনি বলেন, “ছবিটা এতই বাজে ছিল যে কেউ দেখেনি। এ থেকে আমি শিখেছি, নিষিদ্ধ করার তাড়নার বদলে মুক্তি দিন, দর্শকদের ওপর ভরসা রাখুন।”

